পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্পে (WBHS) অন্তর্ভুক্ত সরকারি কর্মী, পেনশনভোগী এবং তাঁদের নির্ভরশীলদের স্বাস্থ্যসাথী (Swasthya Sathi) অথবা আয়ুষ্মান ভারত কার্ড (Ayushman Bharat Card) অবিলম্বে জমা দেওয়ার নির্দেশ দিল রাজ্য সরকার (West Bengal Government)। শুক্রবার অর্থ দফতরের (Finance Department) মেডিক্যাল সেলের জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, যাঁরা ডব্লিউবিএইচএসের আওতায় থেকেও ওই কার্ডগুলি নিজেদের বা পরিবারের সদস্যদের নামে রেখেছেন, তাঁদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তা সমর্পণ করতে হবে।
আরও পড়ুন: বাইপাসের ধাবা-বেকারি নিয়ে দুর্নীতির অভিযোগ! তদন্তে বিশেষ কমিশন
এই বিষয়ে প্রশাসনিক কর্তাদের নজরদারি চালানোর নির্দেশ দিয়েছে অর্থ দফতর । কার্ড সমর্পণের প্রমাণপত্র-সহ নির্ধারিত ঘোষণাপত্র জমা দিতে হবে। সমস্ত অফিসপ্রধান, ডিডিও এবং পেনশন মঞ্জুরকারী কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে, তাঁরা যেন এই ঘোষণাপত্র গ্রহণ করেন, নথিপত্র যথাযথভাবে যাচাই করেন এবং পুরো প্রক্রিয়াটি খাতায়-কলমে নথিভুক্ত রাখেন । এই প্রক্রিয়া ৩১ অক্টোবরের মধ্যে সম্পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছে।
সরকার স্পষ্ট জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশ না মানলে ডব্লিউবিএইচএসের চিকিৎসা-সংক্রান্ত সমস্ত সুবিধা সাময়িকভাবে স্থগিত করা হবে। কর্মচারীদের ক্ষেত্রে বিষয়টি অসদাচরণ হিসেবে গণ্য করে শৃঙ্খলামূলক ব্যবস্থাও নেওয়া হবে। নির্দেশিকার সঙ্গে কার্ড সমর্পণের ঘোষণাপত্রের নমুনাও প্রকাশ করা হয়েছে।















