ইরানে (Iran) আপাতত হামলা নয়। একথা আরও একবার জানিয়ে দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। কতদিন এবং কেন ইরানে হামলা চালাবে না আমেরিকা (America) তারও ব্যাখ্যা দিয়েছেন ট্রাম্প। 

আরও পড়ুন: কেন বাড়িতে হামলায় 'হিন্দুত্ববাদী'দের নিশানা! বিকাশের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

কেন বন্ধ থাকবে হামলা?
আগামী মাসে অর্থাৎ নভেম্বরে আমেরিকায় মধ্যবর্তী নির্বাচন। এই ‘মিডটার্ম ইলেকশনস’-এর কারণে আগামী ৩ নভেম্বর পর্যন্ত ইরানে কোনও হামলা চালানো হবে না বলেও জানিয়েছেন ট্রাম্প। ফের নিজের স্বার্থেই হামলা আপাতত বন্ধ রাখলেন ট্রাম্প।

সোশাল মিডিয়ায় ট্রাম্প জানিয়েছেন, ‘ইরানের সঙ্গে আমাদের ফলপ্রসূ আলোচনা চলছে। আমি সকলের কাছে একটি বিষয় স্পষ্ট করে দিতে চাই যে, ইরান অর্থনৈতিক ও সামরিক দিক থেকে অত্যন্ত দুর্বল অবস্থায় রয়েছে এবং তাদের উপর যে অবরোধ চলছে তা পূর্ণমাত্রায় জারি থাকবে। ৩ নভেম্বর আমেরিকায় মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে। ফলে এই সময়ে ইরানের উপর আমরা কোনওরকম হামলা চালাব না। আমাদের নীতি স্পষ্ট যে, ইরানের কাছে কোনও পারমাণবিক অস্ত্র থাকবে না।’ 

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যৌথ হামলা চালায় আমেরিকা এবং ইজরায়েল। যুদ্ধ থামাতে একাধিক পদক্ষেপ করা হলেও এখনও সেখানে শান্তি ফেরেনি। ইরানের ওপর চাপ বাড়াতে সেখানে অর্থনৈতিক নিষেধাজ্ঞার পাশাপাশি বন্দরগুলিতে নৌ অবরোধ করে রেখেছে আমেরিকা। এই হামলার জেরে অর্থনৈতিক ও সামরিক দুই দিক দিয়েই অত্যন্ত খারাপ অবস্থায় আছে ইরান বলেও দাবি করেছেন ট্রাম্প। সেই সঙ্গেই, বৃহস্পতিবার, ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে তাঁদের ‘ফলপ্রসূ আলোচনা’ চলছে। তবে, এই অবরোধ পূর্ণমাত্রায় বলবৎ থাকবে বলেও জানিয়েছেন তিনি।

ট্রাম্প ভোটের আগে হামলা না করার কথা বললেও মার্কিন আধিকারিকরা ইরানি পারমাণবিক ও জ্বালানি পরিকাঠামোকে লক্ষ্য করে সম্ভাব্য হামলার সব বিকল্প প্রস্তুত রাখছেন। সংঘাতের দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং হরমুজ প্রণালি চালু রাখার বিষয়ে গত শুক্রবার আমেরিকার ক্যাম্প ডেভিডে বৈঠকে বসেন প্রশাসনের শীর্ষ আধিকারিকরা।

আরও পড়ুন: মাঝআকাশে বাঁচিয়েছেন শতাধিক প্রাণ, ইজরায়েলের সর্বোচ্চ নাগরিক সম্মান ভারতীয় পাইলটকে

হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে গত মাসে তেহরানের দেওয়া প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করার পর ওয়াশিংটন পাল্টা প্রস্তাব পাঠায়। বর্তমানে তা পর্যালোচনা করা হচ্ছে জানিয়ে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, ‘আগামী কয়েক দিনের মধ্যেই’ তারা আনুষ্ঠানিকভাবে ওয়াশিংটনকে নিজেদের জবাব দেওয়ার পরিকল্পনা করছেন।