জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ক্রমশবিরোধীরা সুর চড়াচ্ছে। শনিবার সিজেপি রাজধানীতে বড়সড় আন্দোলনের ডাক দিয়েছে। তার আগে বিরোধী রাজনৈতিক দলগুলি রাস্তায় নেমে আন্দোলন শুরু করেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করতে চেয়ে আগেই সময় চেয়েছিলেন বিরোধী দলের জোট। শুক্রবার রাত ৮ টায় ইন্ডিয়া ব্লকের নেতৃত্বের ১০ জনের সঙ্গে দেখা করবেন রাষ্ট্রপতি। এই তালিকায় আছেন তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়ও। বৃহস্পতিবারই তিনি দিল্লি উড়ে গিয়েছেন।
সাধারণত রাষ্ট্রপতি দিনের বা বিকেলের মধ্যেই রাজনৈতিক দল বা অতিথিদের সঙ্গে দেখা করেন। কিন্তু এই ক্ষেত্রে রাত আটটায় ইন্ডিয়া ব্লকের নেতৃত্বকে সময় দেওয়া হয়েছে। কিন্তু সারাদিন কাটিয়ে কেন রাত আটটায় সময় দেওয়া হল? এই নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল বিধায়ক তথা মুখপাত্র কুণাল ঘোষ।
সমাজ মাধ্যমে তিনি একটি পোস্ট করেছেন সেখানে লিখেছেন, “আজ রাত আটটায় ইন্ডিয়া ব্লক নেতৃত্বের দশজনকে সময় দিলেন রাষ্ট্রপতি। যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সারাদিন কাটিয়ে রাত আটটায় সময় দিলেন কেন, যাতে প্রতিবাদী বৈঠকের প্রচার হবে কম? ভুল করছেন। সারা দেশ তাকিয়ে থাকবে। এদিকে তো কলকাতা দিল্লি রাজধানী এক্সপ্রেস বাতিল। কিছু ট্রেন বিড়ম্বনায় বলে অভিযোগ আসছে। দিল্লিতে মেট্রো স্টেশনের গেট বন্ধের খবর আসছে। ভয়?”
১০ অক্টোবর, শনিবার দিল্লির নিউ দিল্লি ও হজরত নিজামুদ্দিন স্টেশনে পৌঁছনোর কথা রয়েছে, এমন একাধিক মেল ও এক্সপ্রেস ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। সেই তালিকায় রয়েছে হাওড়া-নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেসও। ৫৭টি মেট্রো স্টেশন বন্ধ রাখা হতে পারে বলে জানা গিয়েছে। দিল্লি পুলিশ ডিএমআরসি-কে এমনই পরামর্শ দিয়েছে বলে জানা গিয়েছে।
ভোট চুরি' ইস্যুতে জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar) পদত্যাগের দাবিতে আন্দোলনের পারদ চড়়ছে দেশজুড়ে। বিগত কয়েকদিন ধরেই বিরোধীদের প্রতিবাদ-আন্দোলনে উত্তাল রাজধানীর রাজপথ। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে স্পষ্ট নির্বাচন কমিশনের অন্দরে তালমিল ঠিক নেই। বিরোধীদের হাতে নতুন অস্ত্র এই প্রতিবেদন। কিন্ত জ্ঞানেশ ইস্য়ুতে কেন্দ্র আছে নিজের অবস্থানেই। জ্ঞানেশ কুমারকে পদ থেকে সরানোর বদলে তাঁর নিরাপত্তা বাড়ানো হচ্ছে।















