‘ককরোচ’ মন্তব্য ঘিরে বিতর্কের রেশ এখনও কাটেনি, বেঙ্গালুরুর ন্যাশনাল ল’ স্কুল অফ ইন্ডিয়া ইউনিভার্সিটির (NLSIU) সমাবর্তন অনুষ্ঠানকে ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে। তবে ১৭ অক্টোবরের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকছেন না ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্ত (Surya Kant)। বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে তিনি অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। অন্যদিকে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন থিয়েটার ও চলচ্চিত্র অভিনেত্রী অরুন্ধতী নাগ। সমাবর্তনে ভাষণও দেবেন তিনি। এই বিতর্কের সূত্রপাত প্রধান বিচারপতি সূর্য কান্তের একটি মন্তব্যকে ঘিরে। একটি মামলার শুনানির প্রেক্ষিতে দেশের বেকার যুবসমাজের একাংশকে ‘ককরোচ’-এর সঙ্গে তুলনা করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। সেই মন্তব্যের প্রতিবাদ থেকেই তৈরি হয় ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)। পরবর্তী সময়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তাঁর নাম প্রস্তাবিত হলে প্রতিবাদ শুরু হয়।

হায়দরাবাদের (Hyderbad) NALSAR বিশ্ববিদ্যালয়েও প্রধান বিচারপতিকে আমন্ত্রণ জানানো নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। একই আবহে বেঙ্গালুরুর NLSIU-এর পড়ুয়া ও প্রাক্তনীদের একাংশও সূর্য কান্ত এবং বার কাউন্সিল অফ ইন্ডিয়ার চেয়ারম্যান মানন কুমার মিশ্রের অনুষ্ঠানে উপস্থিত থাকার প্রস্তাবের বিরোধিতা করেন। প্রাথমিকভাবে ১২ সেপ্টেম্বর সমাবর্তন হওয়ার কথা ছিল। কিন্তু আমন্ত্রিত অতিথিদের নিয়ে আপত্তি এবং পড়ুয়া ও প্রাক্তনীদের প্রতিবাদের আবহে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত নেয়। অনিবার্য কারণের কথা জানিয়ে বিজ্ঞপ্তিও জারি করা হয়েছিল। পরে অবশ্য সিদ্ধান্ত বদল করে ২০২৬ সালের উত্তীর্ণ পড়ুয়াদের জন্য সমাবর্তন আয়োজনের কথা জানায় বিশ্ববিদ্যালয়। সেই অনুযায়ী, আগামী ১৭ অক্টোবর বেঙ্গালুরুর প্যালেস রোডের জ্ঞানজ্যোতি অডিটোরিয়ামে হবে অনুষ্ঠান।

বিশ্ববিদ্যালয়ের ঘোষিত সূচি অনুযায়ী, প্রধান বিচারপতি সূর্য কান্ত আচার্য হিসেবে সমাবর্তনে সভাপতিত্ব করবেন এবং উত্তীর্ণ পড়ুয়াদের ডিগ্রি প্রদানের অনুষ্ঠানে অংশ নেবেন। তবে প্রধান অতিথির দায়িত্বে থাকছেন অভিনেত্রী অরুন্ধতী নাগ। তিনিই সমাবর্তনী ভাষণ দেবেন। অর্থাৎ, সূর্য কান্তের উপস্থিতি ঘিরে বিতর্কের মধ্যেও নির্ধারিত দিনেই সমাবর্তন আয়োজনের পথে হাঁটছে বিশ্ববিদ্যালয়। তবে প্রধান অতিথি ও আচার্যের ভূমিকা আলাদা করে দেওয়ার সিদ্ধান্ত ঘিরে বিতর্কের প্রেক্ষাপট নতুন করে আলোচনায় এসেছে।