নয়ডার (Noida) জেবর আন্তর্জাতিক বিমানবন্দরের (Jewar Airpor) নাম বদলের প্রস্তাবে অনুমোদন দিল উত্তরপ্রদেশ (Uttar Pradesh) মন্ত্রিসভা। এ বার থেকে এই বিমানবন্দরের নাম হতে চলেছে "নরেন্দ্র মোদি আন্তর্জাতিক বিমানবন্দর"। শুক্রবার সাংবাদিক বৈঠকে এই সিদ্ধান্তের কথাই জানালেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। তাঁর দাবি, আগামী দিনে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বিমান পরিবহণ কেন্দ্র হয়ে উঠবে এই বিমানবন্দর। জীবিত থাকাকালেই ক্ষমতাসীন প্রধানমন্ত্রীর নামে স্টেডিয়াম কিংবা বিমানবন্দর, ভারতের ইতিহাসে এমন নজির আগে কখনো দেখা যায়নি।
আরও পড়ুন: শীতের কলকাতায় ভোজিনহা! মুখ্যমন্ত্রীর জন্য বিশ্বকাপার পাঠালেন বিশেষ উপহার
উত্তরপ্রদেশে সরকারের বক্তব্য, নয়ডায় আন্তর্জাতিক বিমানবন্দর গড়ে তোলার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) অবদানের কথা মাথায় রেখেই এই নামকরণের প্রস্তাব আনা হয়েছে। যোগী জানান, রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সর্বসম্মতিক্রমে প্রস্তাবটি অনুমোদিত হয়েছে। পরিকাঠামোর দিক থেকেও যথেষ্ট বৈশিষ্ট্যপূর্ণ এই বিমানবন্দর। প্রথম পর্যায়ের নির্মাণে খরচ হয়েছে প্রায় ১১ হাজার ২৮২ কোটি টাকা। এই পর্যায়ে বছরে ১ কোটি ২০ লক্ষ যাত্রীকে পরিষেবা দেওয়ার ব্যবস্থা রয়েছে। ভবিষ্যতে সেই ক্ষমতা বাড়িয়ে বছরে প্রায় ৭ কোটি যাত্রী পরিবহণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। বিমানবন্দরে রয়েছে ৩ হাজার ৯০০ মিটার দীর্ঘ রানওয়ে, পাশাপাশি আধুনিক নেভিগেশন ও বিমান চলাচল নিয়ন্ত্রণের ব্যবস্থাও।
আরও পড়ুন: সস্তার ‘সুপারফুড’ ডিম! কী বলছেন বিশেষজ্ঞরা জেনে নিন
উল্লেখ্য, এর আগে গুজরাতের আহমেদাবাদ মোতেরায় স্টেডিয়ামের নামও প্রধানমন্ত্রীর নামে করা হয়েছিল। ২০২১ সালে সর্দার বল্লভভাই প্যাটেলের নামে থাকা ওই স্টেডিয়ামের নাম বদলে রাখা হয় "নরেন্দ্র মোদি স্টেডিয়াম"। এ বার উত্তরপ্রদেশের আন্তর্জাতিক বিমানবন্দরের নাম বদলের প্রস্তাব ঘিরেও সেই প্রসঙ্গ সামনে এল।















