কয়েকদিন আগেই কলকাতায় খেলে গিয়েছে ব্রাজিল ও উরুগুয়ে ২ বিশ্ব চ্যাম্পিয়ন দল। শীতের শহরে কলকাতায় আসতে চলেছেন আরও এক বিশ্বকাপার! কয়েক মাস আগে বিশ্বকাপে চমক দেখিয়েছেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা(Vozinha)। তাঁকেই কলকাতায় নিয়ে আসতে পারেন ক্রীড়া উদ্যোগপতি শতদ্রু দত্ত।
বৃহস্পতিবার রাতে শতদ্রুর সঙ্গে আলোচনা হয় ভোজিনহার (Vozinha)।পরিকল্পনা বাস্তবায়িত হলে আগামী ডিসেম্বরে শহরে আসতে পারেন কেপ ভের্দের এই গোলরক্ষক। কলকাতায় ফুটবল নিয়ে একটি কর্মশালা আয়োজনের ভাবনাও রয়েছে।
ভারতীয় ফুটবল সম্পর্কে আগ্রহ রয়েছে ভোজিনহার। কলকাতায় ফুটবল নিয়ে উন্মাদনার কথাও শুনেছেন তিনি। ভারতীয় ফুটবল নিয়ে নানা খোঁজখবর নেন। ভারতে ফুটবলের জনপ্রিয়তা কতটা, কলকাতার মানুষের ফুটবল নিয়ে আবেগই বা কেমন, জানতে চান সেসবই।
এখানেই শেষ নয় আইএসএল সম্পর্কেও জানতে চান তারকা এই গোলরক্ষক। আইএলএলে খেলতেও তিনি আগ্রহী। শুধু তাই নয়, কলকাতার ফুটবলপ্রেমীদের আবেগ কাছ থেকে দেখার ইচ্ছাও রয়েছে তাঁর।
শতদ্রু ভোজিনহাকে জানিয়েছেন, পশ্চিমবঙ্গে এখন নতুন সরকার এসেছে। নতুন সরকার ফুটবল নিয়ে খুবই আগ্রহী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ- ফুটবলের পাশে থেকে প্রশাসনিক ভাবে সব রকম সাহায্য করার আশ্বাস দিয়েছেন।’’
ফুটবল নিয়ে মুখ্যমন্ত্রীর আগ্রহের কথা শুনে শতদ্রুর হাত দিয়ে পাঠাচ্ছেন বিশেষ উপহারও। ভোজিনহা এখন খেলেন চিলের ক্লাব কোলো-কোলোয়। ক্লাবের ২৯ নম্বর জার্সিতে সই করে দিয়েছেন। তাতে তিনি লিখেছেন, ‘‘আমার বন্ধু স্যার শুভেন্দুর জন্য।’’
এর আগে এমিলিয়ানো মার্তিনেজ এবং রেনে হিগুয়েতার মতো বিখ্যাত গোলকিপারকে ভারতে এনেছিলেন শতদ্রু। এ বার সেই তালিকায় ভোজিনহার নামও যোগ হতে পারে। সোশাল মিডিয়ায় শতদ্রু লিখেছেন, ‘মার্তিনেজ় ও হিগুয়েতার মতো কিংবদন্তি গোলকিপারদের ভারতে নিয়ে এসেছি। এ বার মনে হচ্ছে, সেই তালিকায় আরও একটি বিশেষ নাম যোগ হতে চলেছে।
তবে মেসি কাণ্ডের পর শতদ্রুর ভাবমূর্তি অনেকটাই নষ্ট হয়েছে। এবার তাঁকে বাড়তি সতর্ক থাকতে হবে।















