ডুরান্ড ফাইনালের সাফল্য ভুলে বৃহস্পতিবার আইএফএ শিল্ডের ফাইনালে মোহনবাগানের বিরুদ্ধে নামছে ইস্টবেঙ্গল। দুয়ারে আইএসএল, তার মধ্যে আগামী ১৩ অক্টোবর এসিএলের গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। এরইমধ্যে শিল্ড ফাইনালে ডার্বি খেলতে নামছে হচ্ছে লাল হলুদ ব্রিগেডকে।  

ফুটবলাররা যাতে বেশি ক্লান্ত না হন তারজন্য  হাবাসের (EBFC Head Coach Antonio Lopez Habas) বার্তা ৯০ মিনিটে ম্যাচ শেষ করো।  শুধু ক্লান্তি নয় প্রতিপক্ষ দলের গোলরক্ষকের নামও যে বিশাল কাইথ। ফলে হাবাস( Antonio Lopez Habas) কোনওভাবেই চান আত্মবিশ্বাসী বিশালের সামনে তাঁর দলের ফুটবলাররা টাইব্রেকারের শট নিক। 

পাঞ্জাবের বিরুদ্ধে হারলেও সেমিফাইনালে নর্থ ইস্টের বিরুদ্ধে সাত গোল দিয়েছে হাবাসের দল। তার উপর জাতীয় দল থেকে এডমুন্ড, গিলরা যোগ দিয়েছেন। ফলে পূর্ণ শক্তি নিয়ে মরশুমে দ্বিতীয় ট্রফির জয়ের লক্ষ্যে নামছে হাবাস ব্রিগেড।  পরিস্থিতি কিছুটা কঠিন, কিন্তু কোচের নাম যখন হাবাস তখন সব কিছুই সম্ভব। 

ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে হাবাস জানালেন, "আমরা ৯০ মিনিটে ম্যাচ শেষ করার চেষ্টা করব।  তারপর এক্সট্রা টাইম বা টাইবেকার নিয়ে ভাবছি না  কারণ আমাদের দ্রুত ম্যাচ শেষ করতে হবে। পেনাল্টি শুটআউটে ম্যাচ জেতাকে আমি বিশেষ কৃতিত্ব দিই না।  ৯০ মিনিটে না জিতলে অতিরিক্ত সময়, তারপর পেনাল্টিতে যেতে হয়। আমি সেই পরিস্থিতিতে যেতে চাই না।"

ডুরান্ড ফাইনাল এখন অতীত হাবাসের কাছে। সতর্ক লাল হলুদ কোচ বলেন,  "আমরা ১০০% ফাইনালের জন্য তৈরি, আমরা প্রতিপক্ষকে সম্মান দিচ্ছি। আমরা ডুরান্ড নিয়ে ভাবছি না। দুটো ম্যাচ সম্পূর্ণ আলাদা।  এটা খুব কঠিন এসিএল ম্যাচের আগে এই ফাইনাল খেলা। এই ম্যাচের পর আমরা খুব কম সময় পাব প্রস্তুতির। প্রথম একাদশ আমরা এখনও তৈরি করিনি। কাকে বেশি বা কম সময় খেলানো হবে, সেটা নিয়ন্ত্রণ করতে হবে। মোহনবাগানের হাতে ছয়-সাত দিন সময় ছিল, আমাদের সেই সুযোগ নেই।"

  জাতীয় দল থেকে ফেরা ফুটবলারদের খেলানো নিয়ে হাবাস বলেন, " অনুশীলনের পর তাদের থেকে জানতে চাইব খেলার জায়গায় আছে কিনা। তাদের মাথায় আছে ব্রাজিল পানামা, উরুগুয়ে ম্যাচ। সেই জায়গা থেকে তাদের বেরিয়ে আসতে হবে।। ট্রেনিংয়ে দেখে বুঝতে হবে তাদের অনুভূতি কেমন। কাকে খেলানো হবে, সেটা আমাদের মূল্যায়ন করতে হবে।  এটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ ম্যাচ আমরা পেশাদার মানিয়ে নিতে হবে।"


শিল্ড  টিকিট পাওয়া যাবে ডিস্ট্রেক্ট অ্যাপে। টিকিটের সর্বনিম্ন দাম ধার্য করা হয়েছে ১০০ টাকা। সর্বোচ্চ ১২৫০ টাকা। এছাড়াও ১৫০, ২০০, ২৫০, ৩৫০, ৬৫০ টাকার টিকিট থাকছে। সবকিছু ঠিক থাকলে বুধবারের সকাল থেকেই টিকিট পাওয়া যাচ্ছে। তবে এই ডার্বির টিকিট অফলাইনে পাওয়া যাবে না বলে জানিয়েছেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত।