মঙ্গলবার সন্ধ্যায় যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারতের বিরুদ্ধে খেলতে নামছে উরুগুয়ে। প্রায় ৩০ বছর পর আবার উরুগুয়ে বনাম ভারতের ফুটবল ম্যাচ হবে ।
তবে ৩০ বছরে বদলে গিয়েছে বিশ্ব ফুটবল। উরুগুয়ের সঙ্গে দূরত্ব অনেকটাই বেড়েছে ভারতের। বর্তমানে ফিফা ক্রমতালিকা নিরিখে ভারতের থেকে অনেক এগিয়ে লাতিন আমেরিকা দেশটি। উরুগুয়ের ফুটবলারদের কাছে ভারত নতুন হলেও কোচ দিয়াগো ফোরলানের কাছে নয়। তিনি এর আগে আইএসএল এ মুম্বই সিটি এফসির হয়ে খেলেছেন। এমনকি কলকাতাতেও খেলে গিয়েছন।ফুটবলার না হলেও উরুগুয়ে দলের কোচ সবথেকে বড় তারকা
ফোরলান।
ব্রাজিলের বিরুদ্ধে ভারতের খেলা দেখে হোমওয়ার্ক সেরেছেন। ভারতীয় দলে বেশকিছু খেলোয়াড়ের খেলা ভালো লেগেছে ফোরলানের। তাই ম্যাচটি সহজ হবে না বলে মনে করেন।
ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে উরুগুয়ে কোচ বলেছেন, "ফুটবলে কোনও ম্যাচই সহজ নয়। আমরা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করব। ম্যাচটি উপভোগ করব,"
এর আগে ভারতে খেলেছেন। কয়েক মাস এ দেশে কাটিয়ে গিয়েছেন। এবার কোচ হয়ে এসেছেন। ভারতীয় ফুটবলের উন্নয়নের রূপরেখাটাও বলে দিলেন কিংবদন্তি এই প্রাক্তন ফুটবলার। তাঁর মতে, "ভারতের মতো একটি দেশকে ফুটবলে উন্নতি করতে হলে গোড়া থেকে শুরু করতে হবে। অ্যাকাডেমি তৈরি করতে হবে, ছোটদের ফুটবলের সঙ্গে যুক্ত করতে হবে এবং তাদের নিয়মিত খেলার সুযোগ দিতে হবে।"
ভারতের ক্রীড়া সংস্কৃতি নিয়ে প্রশ্ন করা হলে ফোরলান বলেন, "ভারতের প্রধান খেলা ক্রিকেট। তাই এখানকার পরিস্থিতিটা কিছুটা আলাদা। ভারতে বহু বছর ধরে ফুটবল খেলা হচ্ছে ঠিকই, কিন্তু এটা দেশের প্রধান খেলা নয়। সে কারণেই অনেক কিছুই অন্য রকম।আমি জানি এখানকার মানুষ ফুটবল নিয়ে খুব আবেগপ্রবণ। যেরকম আমি দেখেছি কেরলে বা উত্তর-পূর্ব ভারতে। কলকাতায় আতিথেয়তায় মুগ্ধ। যতবার ভারতে এসেছি, খুশি হয়েছি।
আমার মনে হয়, ব্রাজ়িল, উরুগুয়ের মতো দলের বিরুদ্ধে এই ধরনের ম্যাচ খেলা এবং শক্তিশালী দলের সঙ্গে নিয়মিত প্রতিদ্বন্দ্বিতা করা তরুণ ফুটবলারদের উন্নতিতে সাহায্য করবে।"















