যুবভারতীতে ভারত-ব্রাজিল প্রীতি ম্যাচে নীল জার্সির নিশ্চিত পরাজয়ের পর ক্রীড়াপ্রেমীদের মধ্যে এই ম্যাচের আয়োজন নিয়ে একাধিক প্রশ্ন ঘোরাফেরা করছে। কেউ বলছেন দেখনদারি, কেউ বলছেন ভারতকে যে এখনও ফুটবল খেলাটা কতটা শিখতে হবে তা এই ম্যাচের পর গুরুত্ব দিয়ে ভাবনা চিন্তা করুক ফেডারেশন। সাম্বার দেশের দলকে শহরে নিয়ে এসে গান-বাজনা, খাওয়া-দাওয়া, খেলাধুলা করতে কয়েক কোটি টাকা খরচ হয়েছে। এটার কি সত্যি প্রয়োজন ছিল? প্রাক্তন ভারত অধিনায়ক বাইচুং ভুটিয়া গোটা ঘটনাকে 'সার্কাস' বলে কটাক্ষ করার পর থেকে এ প্রশ্ন জোরালো হয়েছে।
ফুটবলে ভারতকে যদি উন্নতি করতে হয় তাহলে পরিকাঠামোগত অনেক পরিবর্তন করতে হবে। শুধু তাই নয়, প্লেয়ার নির্বাচন, অনুশীলন কৌশল, খেলার ধরন এইসব নিয়ে ভাবনা চিন্তা করার সময় এসে গিয়েছে। ফুটবলের দীর্ঘমেয়াদী উন্নয়নের কথা না ভেবে শুধুমাত্র চমক দেওয়ার উদ্দেশ্য নিয়ে ভারত ব্রাজিল যে ম্যাচের আয়োজন করেছিল AIFF, তাকে পুরোপুরি অযৌক্তিক এবং অপ্রয়োজনীয় বলে আখ্যা দিয়েছেন বাইচুং। ব্রাজিল ফিফা র্যাংকিংয়ে রয়েছে ৬ নম্বরে, ভারত ১৩৮। ফলে চরম অসম লড়াইয়ের আসরের প্রয়োজনীয়তা নিয়ে বিতর্ক থেকেই যায়। তার উপর বোর্ডের কোষাগারে অন্তত ১৪ থেকে ১৬ কোটি টাকার ঘাটতি রয়েছে। সেখানে দাঁড়িয়ে ৬০ কোটি টাকা খরচ করে এই ম্যাচ আয়োজন করা মোটেই ভালো চোখে দেখছেন না প্রাক্তন ভারত অধিনায়ক। তাঁর কথায় এটা অনেকটা আত্মঘাতী সিদ্ধান্তের মতো ছিল।
বাইচুং বলেন, 'একজন ফ্যান বা ফুটবলার হিসেবে ব্রাজিলের বিরুদ্ধে খেলাটা স্বপ্নের। তবে যেখানে স্পনসরের অভাবে আইএসএল ও আই-লিগের ক্লাবগুলো ধুঁকছে, সেখানে বোর্ডের তরফ থেকে এত টাকা খরচ করে ব্রাজিলকে খেলতে নিয়ে আসা পুরোপুরি যুক্তিহীন।' প্রাক্তন ফুটবলার প্রশ্ন তুলেছেন, AIFF-র কাজ কি শুধু একটা ম্যাচ খেলার সুযোগ করে দেওয়া? নাকি দীর্ঘমেয়াদি ফুটবল উন্নয়ন? ফেডারেশন সভাপতি বিরুদ্ধে তোপ দেগে তাঁর মন্তব্য, 'একজন দিশাহীন সভাপতি থাকলে গোটা ব্যবস্থাটাই সার্কাসে পরিণত হয়। ভারতীয় ফুটবলে এখন সেটাই চলছে।এশিয়ান কাপেও ভারত যোগ্যতার ভিত্তিতে সুযোগ পায়নি। আমাদের র্যাঙ্কিং ১০০ থেকে ১৪০-এর কাছাকাছি নেমে গিয়েছে।'অথচ এই অবস্থায় ভারতীয় ফুটবলের উন্নয়নের কথা না ভেবে পানামা, ব্রাজিল ও উরুগুয়ের মতো বিশ্বকাপের দলগুলোর বিরুদ্ধে সিরিজ খেলানোর আয়োজন করা হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) যুবভারতীতে খালিদের দলের প্লেয়ারদের নিয়ে কার্যত ছেলেখেলা করেছে ব্রাজিল। পুরোপুরি একপেশে লড়াই হয়েছে। কোটি কোটি টাকা খরচ করে এইসবের পরিবর্তে যদি ব্রাজিলিয়ান ফুটবল মস্তিষ্ককে কাজে লাগানো যেত তাহলে ভবিষ্যতে উন্নতির একটা রাস্তা খোলা থাকতো। রাশিরাশি টাকা ঢেলে একটা ফ্রেন্ডলি ম্যাচের জন্য আসিয়ান কাপের মতো টুর্নামেন্ট থেকে এআইএফএফ যেভাবে ভারতের নাম তুলে নিয়েছে তার বিরুদ্ধে সরব বাইচুং। সবমিলিয়ে প্রাক্তন অধিনায়কের মন্তব্য ঘিরে ভারতীয় ফুটবলে ফের নতুন বিতর্ক তৈরি হয়েছে।















