ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) চলাকালীন ব্যবহার করা সংশোধিত ‘ফর্ম ৬’ (Form 6) নিয়ে নির্বাচন কমিশনের দাবিতে প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট (Supreme Court)। সোমবার প্রধান বিচারপতি সূর্য কান্তের (CJI Surya Kant) নেতৃত্বাধীন বেঞ্চে বিষয়টি উঠলে সিজেআই জানান, সংশোধিত ফর্ম ৬ আদালত অনুমোদন করেনি।
আরও পড়ুন: জ্ঞানেশ-অপসারণের আর্জি মামলায় কমিশনকে সুপ্রিম নোটিশ, সাসপেন্ডের আবেদন খারিজ
প্রধান বিচারপতি বলেন,"মডিফায়েড ফর্ম ৬ আমরা অনুমোদন করিনি। বিষয়টি স্পষ্ট থাকা দরকার। নথি জমা পড়লে আমরা দেখতে চাই যে এই ফর্মে কে বা কারা পরিবর্তন এনেছে।"
গত ২৬ সেপ্টেম্বর এক প্রেস বিজ্ঞপ্তিতে নির্বাচন কমিশন দাবি করেছিল, এসআইআর-এর জন্য সংশোধিত ফর্ম ৬-এ যুক্ত অতিরিক্ত ঘোষণাপত্র সুপ্রিম কোর্টের অনুমোদিত। ওই ঘোষণাপত্র ভোটারদের বাধ্যতামূলক ভাবে জমা দিতে হচ্ছে। কমিশনের বক্তব্য, এসআইআর-এর বাইরে অবশ্য নিয়ম অনুযায়ী প্রচলিত ফর্মই ব্যবহার করা হবে।
সোমবার এসআইআর (SIR), নির্বাচন কমিশন (Election Commission Of India) ও জ্ঞানেশের কুমার (Gyanesh Kumar) সংক্রান্ত মামলাগুলি প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহানার বেঞ্চে ওঠে। এই বেঞ্চ জানায়, নির্বাচন কমিশনের উত্তর না পাওয়া পর্যন্ত আদালত ধরে নেবে যে কমিশনের সিদ্ধান্তগুলি আইনানুগভাবেই নেওয়া হয়েছে।
নির্বাচন কমিশনের অন্য দুই কমিশনারের সম্মতি ছাড়া একতরফা সিদ্ধান্ত নেওয়ার অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারকে বরখাস্ত বা সাময়িকভাবে স্থগিত করার জন্য অন্তর্বর্তীকালীন কোনো আদেশ দিতে অস্বীকার করেছে সর্বোচ্চ আদালত।
সংবাদমাধ্যমের খবরের ওপর ভিত্তি করে এখনই কোনো আদেশ দেওয়া সম্ভব নয় উল্লেখ করে প্রধান বিচারপতি বলেন, “প্রতিবেদনটি সঠিক বা ভুল উভয়ই হতে পারে, তবে তার ওপর ভিত্তি করে আমরা কোনো নির্দেশ দিতে পারি না। আমাদের নির্বাচন কমিশনের উত্তরের জন্য অপেক্ষা করতে হবে।”
মামলার মূল ভিত্তি ছিল একটি সংবাদপত্রের প্রতিবেদন, যেখানে দাবি করা হয়েছিল যে এসআইআর (SIR) এবং 'ফর্ম ৬' (Form 6)-এ বেআইনি পরিবর্তন সংক্রান্ত বিষয়ে গত ১০ মাসে অন্তত ১৪ বার অন-রেকর্ড লিখিত আপত্তি জানিয়েছিলেন বাকি দুই নির্বাচন কমিশনার। ভোটার ফর্ম ৬-এ পূর্বপুরুষদের বিবরণ চাওয়া এবং আইটি সফটওয়্যার পরিবর্তনের সিদ্ধান্ত কোনও সংবিধিবদ্ধ প্রক্রিয়া বা অন্য কমিশনারদের মতামত ছাড়া সিইসি একতরফাভাবে বলবৎ করেছেন বলে অভিযোগ তোলা হয়।
আরও পড়ুন: চিকিৎসা সংক্রান্ত রিপোর্ট কীভাবে প্রকাশ্যে? পেশাগত বিধি লঙ্ঘনের অভিযোগে SSKM-কে আইনি চিঠি মমতার
মমতা তৃণমূল কংগ্রেস, কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দল এবং ককরোচ জনতা পার্টি (সিজেপি) এই এসআইআর প্রক্রিয়ার তীব্র বিরোধিতা করে সিইসি জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করেছে। সিজেপি জানিয়েছে, জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে আগামী ১০ অক্টোবর দিল্লির যন্তর মন্তরে পুনরায় তারা বিক্ষোভ কর্মসূচি পালন করবে।














