পশ্চিম মেদিনীপুরে (Paschim Medinipur) আইনজীবীদের উপর হামলার ঘটনায় সরব হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সিপিএম (CPM) নেতা তথা আইনজীবী শামীম আহমেদের (Shamim Ahmed) গাড়ি ভাঙচুর এবং তাঁর উপর হামলার অভিযোগ ঘিরে তীব্র নিন্দা জানালেন তিনি। রবিবার এক্স-এ পোস্ট করে মমতার বার্তা, রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে রাজ্যে আইনের শাসন নিশ্চিত করতে হবে। কোনও আইনজীবী যাতে ভয় ছাড়াই তাঁর পেশাগত দায়িত্ব পালন করতে পারেন, তা নিশ্চিত করারও দাবি জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: চমক দেখাতে গিয়ে সার্কাস, ভারত-ব্রাজিল ম্যাচের খরচ নিয়ে ফেডারেশনকে তুলোধোনা বাইচুংয়ের
রাজনৈতিক ভাবে শামীম আহমেদের অবস্থান তৃণমূলের বিপরীতে। অতীতে তৃণমূল সরকারের বিরুদ্ধে একাধিক বার সরব হয়েছিলেন তিনি। সেই শামীমের উপর হামলার ঘটনায় মমতার প্রকাশ্য নিন্দা রাজনৈতিক মহলে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। মতাদর্শের বিরোধিতা থাকলেও আইনজীবীদের নিরাপত্তা ও আইনের শাসনের প্রশ্নে আপসহীন থাকার বার্তাই দিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। মমতার বার্তার পরেই শামীম বলেন, "সংবিধান রক্ষার লড়াইয়ে আমরা সকলে একসঙ্গে লড়বো। দল- মত নির্বিশেষে এগিয়ে এসেছে সকলে।"
আরও পড়ুন: কীভাবে দগ্ধ হলেন বাইরন? জানালেন বিধায়কের ভাই
মমতা লিখেছেন, পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের নবনির্বাচিত সদস্য অ্যাডভোকেট শামীম আহমেদের উপর শালবনি থানার কাছে এই হামলা অত্যন্ত উদ্বেগজনক। তাঁর দাবি, অভিযোগ বদলে দেওয়ার জন্য শামীমের উপর চাপ সৃষ্টি করা হয়েছিল বলেও তিনি জানতে পেরেছেন। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির হস্তক্ষেপেই শেষ পর্যন্ত শামীম নিরাপদে বাড়ি ফিরতে পেরেছেন বলে উল্লেখ করেছেন মমতা।
রাজ্যের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বক্তব্য, ‘‘এই ধরনের ভয় দেখানো এবং জঙ্গলরাজের সংস্কৃতি পশ্চিমবঙ্গে চলতে পারে না।’’ রাজনৈতিক হিংসার ঊর্ধ্বে উঠে আইনের শাসন প্রতিষ্ঠার বার্তাও দিয়েছেন তিনি। তাঁর স্পষ্ট বক্তব্য, কোনও রাজনৈতিক দল বা মতাদর্শের বিচার না করে প্রত্যেক আইনজীবীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
ঘটনার সূত্রপাত কয়েক দিন আগে। গড়বেতা থানার বেনাচাপড়া, খড়্কুশমা-সহ একাধিক এলাকায় বামপন্থী কর্মী-সমর্থকদের সঙ্গে বিজেপির সংঘর্ষের অভিযোগ ওঠে। এরপর বামপন্থী কর্মী-সমর্থকদের একাধিক বাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ সামনে আসে। পরিস্থিতি খতিয়ে দেখতে কলকাতা হাইকোর্ট ও মেদিনীপুর আদালতের বামপন্থী আইনজীবী সেলের সদস্যরা ওই এলাকায় যান। বেনাচাপড়া, খড়্কুশমা-সহ পার্শ্ববর্তী এলাকায় প্রায় আটটি বাড়ি পরিদর্শন করে আক্রান্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তাঁরা।
অভিযোগ, সেখান থেকে ফেরার পথেই আইনজীবীদের গাড়ি আটকে হামলা চালানো হয়। ভাঙচুর করা হয় গাড়ি। ঘটনায় তিন জন আহত হন বলে জানা গিয়েছে। সেই ঘটনারই কড়া নিন্দা করে এবার প্রকাশ্যে মুখ খুললেন মমতা।















