নিজের গেস্ট হাউসেই অগ্নিদগ্ধ হয়েছেন সাগরদিঘির (Sagardighi) বিধায়ক বাইরন বিশ্বাস (MLA Byran Biswas)। শনিবারের ওই ঘটনার পর থেকেই আগুন লাগার কারণ নিয়ে নানা প্রশ্ন উঠছিল। এ বার সেই বিষয়ে মুখ খুললেন বাইরনের ভাই মিল্টন বিশ্বাস। তাঁর দাবি, শর্ট সার্কিট থেকেই ঘরে আগুনের সূত্রপাত। তবে পুলিশ ও দমকলের তদন্ত এখনও শেষ হয়নি। ফলে আগুন লাগার প্রকৃত কারণ নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না।
আরও পড়ুন: ফুল বদলে এবার বিজেপির টিকিটে রাজ্যসভার প্রার্থী কোয়েল
মিল্টন জানান, “শনিবার সকালে ধুলিয়ানে দাদার মালিকানাধীন গেস্ট হাউসের দোতলার একটি ঘরে আগুন লাগে। সেই সময় ঘরের ভিতরেই ছিলেন তিনি। সেইসময় শর্ট সার্কিটের জেরে ইন্ডোর এসি ইউনিটে বিস্ফোরণের ঘটনা ঘটে। আর তাতেই ঘরের ভিতর আগুন (Fire) ছড়িয়ে পড়ে। দাদা আগুন নেভাতে গিয়েই অগ্নিদগ্ধ হন।” ঘটনার সময়ে মিল্টন এবং তাঁর আর এক ভাই এলাকায় ছিলেন না। ব্যবসার কাজে বাইরে ছিলেন তাঁরা। খবর পাওয়ার পর দ্রুত ধুলিয়ানে ফিরে আসেন।
মিল্টন জানিয়েছেন, বর্তমানে চিকিৎসা চলছে এবং বাইরনের অবস্থা আগের তুলনায় কিছুটা স্থিতিশীল। চিকিৎসকেরা পরিস্থিতি পর্যালোচনা করছেন। প্রয়োজন হলে তাঁকে কলকাতায় স্থানান্তরের কথাও ভাবা হচ্ছে। অগ্নিকাণ্ডের পর বাইরনকে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাসপাতাল সূত্রে খবর, সেখানে পৃথক বার্ন ইউনিট না থাকলেও চিকিৎসকদের বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে। তাঁর শরীরের নীচের অংশ এবং একটি হাতের কব্জি পর্যন্ত পুড়ে গিয়েছে বলে খবর। এ দিকে, অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়তেই ধুলিয়ান ও সাগরদিঘি এলাকায় ছড়ায় চাঞ্চল্য। বাইরনের বাড়ির সামনে স্থানীয় বাসিন্দাদের ভিড় জমে যায়। আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল। কী ভাবে আগুনের সূত্রপাত, তা খতিয়ে দেখা হচ্ছে। পরিবারের তরফে শর্ট সার্কিটের সম্ভাবনার কথা বলা হলেও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিষয়টি স্পষ্ট হবে না। বাইরনের অগ্নিদগ্ধ হওয়ার খবর পেয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Suvendu Adhikari) তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন এবং তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার কথা জানিয়েছেন বলে খবর।















