পুজোর মুখে সরকারি হাসপাতালের চুক্তিভিত্তিক কর্মীদের (Contractual Staff) জন্য সুখবর। বছরে মাত্র ৩০ দিন কাজ করলেও মিলবে বোনাস (Bonus)। নিরাপত্তারক্ষী থেকে সাফাইকর্মী, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং হাউসকিপিংয়ের কাজে যুক্ত প্রায় হাজারখানেক চুক্তিভিত্তিক কর্মী এই সুবিধার আওতায় থাকছেন।
আরও পড়ুন: নতুন করে চাপের মুখে জ্ঞানেশ কুমার, ২০ বছরের পুরনো ঘুষ-কাণ্ডে ফের তদন্তের নির্দেশ
স্বাস্থ্য দফতরের (Department of Health) নির্দেশ অনুযায়ী, সংশ্লিষ্ট আর্থিক বছরে কর্মীর মোট বেতন বা মজুরির ৮.৩৩ শতাংশ হারে বোনাস দিতে হবে। ৩১ মার্চে শেষ হওয়া আর্থিক বছরে অন্তত ৩০ দিন কাজ করলেই এই বোনাস পাওয়া যাবে। দুর্গাপুজো ও ইদের আগেই বোনাস মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: কত দর আজ সোনা রুপোর দেখে নিন এক নজরে
তবে হাসপাতাল কর্তৃপক্ষ সরাসরি কর্মীদের হাতে টাকা তুলে দেবে না। যে সংস্থার মাধ্যমে ওই কর্মীদের নিয়োগ করা হয়েছে, প্রথমে সেই সংস্থাকেই বোনাসের অর্থ দিতে হবে। কর্মীরা টাকা পেয়েছেন, তার প্রমাণপত্রও হাসপাতাল কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে সংশ্লিষ্ট এজেন্সিকে। এরপর এজেন্সিকে সেই টাকা পরিশোধ করবে হাসপাতাল।
বোনাসের জন্য আলাদা কোনও খাত তৈরি করা হয়নি। কর্মীদের নিয়মিত মাসিক পারিশ্রমিক যে খাত থেকে মেটানো হয়, সেই খাত থেকেই বোনাসের অর্থ দেওয়ার কথা বলা হয়েছে। শুধু চলতি বছরের হিসাবেই বিষয়টি সীমাবদ্ধ থাকছে না। আগের বছরগুলিতে কোনও চুক্তিভিত্তিক কর্মীর বোনাস বকেয়া থেকে থাকলে, সেটিও মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর। ফলে দীর্ঘদিন ধরে বোনাসের অপেক্ষায় থাকা কর্মীদেরও এবার পাওনা মেটার সম্ভাবনা তৈরি হয়েছে।















