ফের কলকাতায় আসছেন আইসার সর্বভারতীয় সভানেত্রী নেহা বোরা (Neha Bora)। যোগ দেবেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) অনুষ্ঠানে। শিক্ষা ও একাধিক নীতিগত দাবিকে সামনে রেখে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বামপন্থী ছাত্র সংগঠনগুলির তরফ থেকে কনভেনশনের আয়োজিত হয়েছে। ৫ অক্টোবর কেপি বসু মেমোরিয়াল হলে ‘জেনজি আন্দোলন: প্রজন্ম ও প্রতিরোধের ঐক্য’ শীর্ষক এই কর্মসূচির হবে। সেখানে এনটিএ (NTA), এসআইআর (SIR) –সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা। কর্মসূচিতে বামপন্থী ছাত্র সংগঠনগুলির একাধিক নেতানেত্রীর উপস্থিত থাকার কথা রয়েছে। আর সেই আয়োজন নিয়েই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে চিঠি দেওয়ার কথা জানিয়েছে বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি।
আরও পড়ুন: জয়শঙ্করের সতর্কবার্তা: জ্বালানির পর এবার রান্নাঘরে যুদ্ধের ধাক্কা! বাড়তে পারে খাদ্যপণ্যের দাম
সোমবার দুপুর ২টোয় কনভেনশনটি হওয়ার কথা। আয়োজকদের প্রকাশিত পোস্টার অনুযায়ী, জাতীয় শিক্ষানীতি ২০২০ বাতিল, জাতীয় পরীক্ষা সংস্থা বা এনটিএ বাতিল, স্কুল ও শিক্ষা ব্যবস্থা রক্ষার পাশাপাশি ভোটার তালিকা সংশোধনের বিশেষ নিবিড় পুনর্বিবেচনা বা এসআইআর বাতিল এবং আইএসআই বিল বাতিলের মতো একাধিক দাবি সামনে রাখা হবে এই কর্মসূচিতে। কনভেনশনে বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন বা আইসার সর্বভারতীয় সভানেত্রী নেহা বোরার। থাকবেন এসএফআইয়ের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য-সহ বিভিন্ন বামপন্থী ও ছাত্র সংগঠনের নেতৃত্ব। আয়োজকদের তরফে সিজেপির প্রতিনিধির পাশাপাশি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গবেষক সংগঠনের সম্পাদক আফরিনের উপস্থিত থাকার কথাও জানানো হয়েছে।
এই কর্মসূচিকে ঘিরে ইতিমধ্যেই আপত্তি জানিয়েছে এবিভিপি (ABVP)। যাদবপুর বিশ্ববিদ্যালয় এবিভিপি ইউনিটের সভাপতি নিখিল দাসের বক্তব্য, বিশ্ববিদ্যালয় চত্বরে বাইরের রাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়ে এসে কর্মসূচি করার ক্ষেত্রে অনুমতির বিষয়টি গুরুত্বপূর্ণ। তাঁর দাবি, এ বিষয়ে বিশ্ববিদ্যালয় এবং কলকাতা হাইকোর্টের নির্দিষ্ট নির্দেশ ও নিয়ম রয়েছে। সেই বিষয়টি উল্লেখ করেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে চিঠি দেওয়ার কথা জানিয়েছে এবিভিপি। প্রেসিডেন্ট নিখিল দাস জানান, “ক্যাম্পাসে বাইরের রাজনৈতিক ব্যক্তিত্ব নিয়ে এসে অনুষ্ঠান করার কোন অনুমতি নেই। বিশ্ববিদ্যালয় এবং হাইকোর্টেরও এ বিষয়ে নির্দিষ্ট সার্কুলার ও অর্ডার রয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে মেলও করা হয়েছে। সোমবার হার্ড কপি জমা দেওয়া হবে।”















