ছুটির দিনে বেড়াতে এসে আচমকাই নেমে এল বিপর্যয়। বেলপাহাড়ির (Belpahari) ঘাগরা জলপ্রপাতের (Ghagra Waterfall) খরস্রোতা জলে পড়ে গিয়েছিল সাত বছরের ছেলে। চোখের সামনে সন্তানকে বিপদে পড়তে দেখে এক মুহূর্তও না ভেবে জলে ঝাঁপ দেন মা। স্থানীয়দের তৎপরতায় শিশুটিকে কোনওমতে উদ্ধার করা গেলেও স্রোতের টানে তলিয়ে যান শিশুটির মা। দীর্ঘক্ষণ তল্লাশির পর অবশেষে জলপ্রপাতের গভীর অংশ থেকে উদ্ধার হল ওই মহিলার নিথর দেহ।
আরও পড়ুন: এবার নয়া অভিযোগ ইন্দ্রনীলের বিরুদ্ধে!
বারুইপুর (Baruipur) থেকে আত্মীয়স্বজনদের সঙ্গে ঝাড়গ্রামে (Jhargram) বেড়াতে এসেছিলেন ওই দম্পতি। তাঁদের সঙ্গে ছিলেন সাত বছরের শিশুপুত্রও। মোট ৩৮ জনের একটি দল শনিবার ঘাগরা জলপ্রপাত এলাকায় পৌঁছয়। দুপুর প্রায় ১২টা ৪০ মিনিট নাগাদ জলপ্রপাতের আশপাশে ঘোরাঘুরি করছিলেন তাঁরা। এর মধ্যেই ঘটে বিপত্তি। জলপ্রপাতের কাছে থাকার সময় কোনওভাবে পা পিছলে গভীর জলে পড়ে যায় শিশুটি। মুহূর্তের মধ্যে তাকে স্রোত টেনে নিয়ে যেতে শুরু করে। ছেলেকে বাঁচাতে সঙ্গে সঙ্গে জলে ঝাঁপ দেন তার মা।
আরও পড়ুন: ‘জেল ভরো’ জমায়েতেই মৃত্যু বৃদ্ধের, CJP-র বিক্ষোভেই মর্মান্তিক পরিণতি
সেই সময় ঘটনাস্থলে ছিলেন শিশুটির বাবা-সহ পরিবারের অন্য সদস্যরা। তাঁদের সঙ্গে থাকা এক ব্যক্তি এবং স্থানীয় কয়েকজন দ্রুত জলে নেমে শিশুটিকে টেনে তোলেন। অল্পের জন্য প্রাণে বেঁচে যায় সে। কিন্তু ততক্ষণে প্রবল স্রোতে তলিয়ে গিয়েছেন তার মা। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বেলপাহাড়ি থানার পুলিশ। শুরু হয় উদ্ধার অভিযান। পুলিশ ও দমকলের কর্মীরা জলপ্রপাতের বিভিন্ন অংশে তল্লাশি চালান। বেশ কিছুক্ষণ ধরে খোঁজ চলার পর অবশেষে জলপ্রপাতের গভীর অংশ থেকে মহিলার দেহ উদ্ধার করেন দমকলকর্মীরা।















