দিল্লির যন্তরমন্তরে (Jantar Mantar) ফের অবস্থান বিক্ষোভে বসছে ককরোচ জনতা পার্টি (CJP)। মুম্বই (Mumbai), দিল্লি (Delhi) সেরে পুজোর পর কলকাতার (Kolkata) রাজপথেও নামতে পারে সিজেপি। জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar) পদত্যাগের দাবিতে শহরে জনসভা করার পরিকল্পনা করছে ককরোচরা। এমনটাই সূত্রের খবর। 

আরও পড়ুন: ভয়াবহ বিস্ফোরণ অন্ধ্রপ্রদেশের ওষুধ কারখানায়, মৃত একাধিক

এবার নজর কলকাতায়। ভোটার তালিকায় এসআইআর ঘিরে বিতর্কের মধ্যেই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দেশজুড়ে কর্মসূচি নিচ্ছে সিজেপি। সেই আন্দোলনের পরবর্তী পর্বে কলকাতাকেও রাখার ভাবনা রয়েছে বলে সূত্রের খবর। তবে শহরে ঠিক কোথায় এবং কবে কর্মসূচি হবে, তা এখনও চূড়ান্ত হয়নি।

আরও পড়ুন: দুর্গাপুজো উপলক্ষে রেশনে বিশেষ ছাড়ের ঘোষণা মুখ্যমন্ত্রীর

এর আগে নিট ইস্যুতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে কলকাতায় কর্মসূচি করার পরিকল্পনা নিয়েছিল সিজেপি। কিন্তু সেই কর্মসূচির জন্য অনুমতি মেলেনি। এবার এসআইআর এবং জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিকে সামনে রেখে ফের কলকাতার রাজপথে নামার প্রস্তুতি শুরু হয়েছে।

সূত্রের খবর, কর্মসূচি নিয়ে তৃণমূলের সঙ্গেও প্রাথমিকভাবে আলোচনা হয়েছে সিজেপি নেতৃত্বের। একইসঙ্গে বাম ছাত্র সংগঠনের সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে। কলকাতায় সভা হলে তার স্থান, সময় এবং পরবর্তী কর্মসূচি নিয়ে অভিজিৎ দীপকে-সহ সিজেপি নেতৃত্ব দুই পক্ষের সঙ্গেই আলাদাভাবে কথা বলছেন বলে জানা যাচ্ছে। জাতীয় স্তরে অবশ্য আন্দোলনের পরবর্তী ধাপ ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছে সিজেপি। আগামী ১০ অক্টোবর দিল্লির যন্তরমন্তরে ফের বড়সড় অবস্থান-বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে সেই কর্মসূচি হবে বলে জানিয়েছেন সিজেপি নেতৃত্ব। 

এই কর্মসূচিতে বাম ছাত্র সংগঠনগুলির সমর্থনও রয়েছে। কলকাতাতেও যদি সিজেপি কর্মসূচি করে, সে ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে এসএফআইয়ের রাজ্য নেতৃত্বের সঙ্গে আলোচনা হতে পারে বলে জানিয়েছেন সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য। পাশাপাশি তাঁর দাবি, যন্তরমন্তরে নিট আন্দোলন থেকে শুরু করে সিজেপির একাধিক কর্মসূচিতে এসএফআই সক্রিয়ভাবে পাশে থেকেছে। কলকাতায় জ্ঞানেশের পদত্যাগের দাবিতে কর্মসূচি হলে বিষয়টি নিয়ে এসএফআইয়ের রাজ্য নেতৃত্বও আলোচনা করবে।