গরুচোর সন্দেহে গণপিটুনি (Mob Beating)। আর তাতেই মৃত্যু হল এক যুবকের (Youth Death)। জখম আরও একজন। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির (Siliguri) মাটিগাড়া এলাকায়। অভিযোগ, দুই যুবককে আটকে রাখার পর তাঁদের উপর হামলা চালানো হয়। পরে তাঁদের ব্যবহৃত দুটি গাড়িতেও ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। ঘটনায় ইতিমধ্যেই চারজনকে গ্রেফতার করেছে মাটিগাড়া থানার পুলিশ (Matigara Police Station)।
আরও পড়ুন: আচমকা অসুস্থ! হাসপাতালে বিধানসভার স্পিকার
পুলিশ সূত্রে খবর, শনিবার ভোররাতে মাটিগাড়া থানার তারাবাড়ি এলাকায় বালাসন নদীর ধারে কয়েকজন অপরিচিত যুবককে গাড়ি নিয়ে ঘোরাফেরা করতে দেখা যায়। অপরিচিতদের গাড়ি নিয়ে এলাকায় উপস্থিতি দেখে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়। এলাকায় আগে গরু চুরির কয়েকটি ঘটনা ঘটেছে। সেই কারণেই সন্দেহ আরও বাড়ে। এরপর ওই যুবকদের তাড়া করেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। তাঁদের মধ্যে দু’জনকে ধরে ফেলা হয়। বাকিরা সেখান থেকে পালিয়ে যায় বলে খবর। একই সঙ্গে দুটি গাড়িও স্থানীয়দের হাতে আটক হয়।
অভিযোগ, দুই যুবককে আটক করার পরই তাঁদের উপর চড়াও হন স্থানীয়দের একাংশ। শুরু হয় গণপিটুনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক যুবকের। অন্য যুবকও গুরুতর জখম হন। তাঁকে রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে খবর। সেইসঙ্গে আটক করা দুটি গাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মাটিগাড়া থানার পুলিশ। বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মৃত যুবকের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
ঘটনার পর থেকেই এলাকায় শুরু হয়েছে পুলিশি ধরপাকড়। এখনও পর্যন্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে। ঠিক কী কারণে ওই দুই যুবক এলাকায় এসেছিলেন, তাঁদের সঙ্গে থাকা অন্যরা কারা এবং গরু চুরির সঙ্গে তাঁদের কোনও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।















