পুজোর আগেই বিদায় নিচ্ছে বর্ষা।শনিবার থেকেই আবহাওয়ার পরিস্থিতি বদল হতে পারে? আজ (শনিবার) কলকাতা সহ বাংলায় কেমন থাকবে সারাদিনের আবহাওয়া(Weather)? তুলে ধরা হল এই প্রতিবেদনে।
বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। পুজোর আগে যদিও বৃষ্টিতে জেরবার সাধারণ মানুষ। আজ,৩(শনিবার)দেশের আবহাওয়ায় বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে আইএমডি। উত্তর ও মধ্য ভারতের আরও কিছু এলাকা থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নিতে পারে। অন্যদিকে দক্ষিণ ভারত ও উত্তর-পূর্বের একাধিক রাজ্যে বৃষ্টি ও বজ্রঝড়ের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর।
বঙ্গবাসীর জন্য সুখবর, মহালয়ার এক সপ্তাত আগেই বাংলা থেকে বিদায় নিচ্ছে বর্ষা। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গে সেই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু দক্ষিণবঙ্গের ওপর ক্রমশ দুর্বল হয়ে পড়েছে। ফলে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বজায় থাকবে শুষ্ক আবহাওয়া। তবে কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
দিনের শুরুতে আকাশ পরিষ্কার থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ মেঘলা হতে শুরু করেছে। বিশেষ করে বঙ্গোপসাগরের নিম্নচাপের প্রভাবে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ তুলনামূলক বেশি হতে পারে। শনিবার সন্ধ্যায় যুবভারতীতে ব্রাজিল বনাম ভারতের ম্যাচ। ম্যাচের সময় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার থেকে পরিস্থিতির উন্নতি হতে পারে। রবিবার আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গে বড় ধরনের বৃষ্টির আশঙ্কাও আপাতত নেই।
শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ এবং সর্বনিম্ন ৬৩ শতাংশ থাকার পূর্বাভাস।
উত্তরবঙ্গেও ভারী বৃষ্টি হবে না। আপাতত বিক্ষিপ্তভাবে বৃষ্টি দু-এক জায়গায় হওয়ার সম্ভাবনা। সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা ক্রমশ কমবে। বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে।















