রাজ্যে কয়েক মাস আগে হওয়া বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম এবং ভবানীপুর কেন্দ্র থেকে প্রতিদ্বন্বীতা করেন এবং জেতেন শুভেন্দু অধিকারী। নিয়ম মেনে একটা কেন্দ্র ছাড়তে হয়েছে তাঁকে। নন্দীগ্রামের ভোটার হলেও শুভেন্দু অধিকারী ভবানীপুরের বিধায়ক হিসাবেই থেকে গিয়েছেন। ফলে আগামী ৬ অক্টোবর নন্দীগ্রামে ভোট হবে। কবে নন্দীগ্রাম কেন ছাড়লেন তা নিয়ে তা নিয়ে ফের ব্যাখা দিলেন মুখ্যমন্ত্রী।
নন্দীগ্রামে উপনির্বাচনে বিজেপি প্রার্থী হাসিরানি রথের হয়ে প্রচারে গিয়েছেন শুভেন্দু অধিকারী। শুক্রবার মুখ্যমন্ত্রী একাধিক সভা করেন। সন্ধ্যার সভা থেকে ফের নন্দীগ্রামের উন্নয়নের বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি নিশানা করেন মমতাপন্থী তৃণমূলকে।
নিজের বক্তব্যে শুভেন্দু অধিকারী বলেন, "ভবানীপুর ছেড়ে দিলে ও (মমতা বন্দ্যোপাধ্যায়) দাঁড়িয়ে যেতেন, যাকে আমি দ্বিতীয়বার হারিয়েছি। তবে এখানে ভারতমাতাকে সাক্ষী রেখে কথা দিয়ে গেলাম ভোটার তালিকায় আমার নাম নন্দীগ্রামেই ছিল, আছে এবং থাকবে। এখানকার ভোটার তালিকা থেকে নাম কাটব না।" এর আগেও ভবানীপুরের বিধায়ক পদ ধরে রাখার কারণ জানিয়েছিলেন। তবে শুক্রবার তাঁর বক্তব্যে আরও একটি নতুন কারণ উঠে এল।
এর পাশাপাশি তিনি দাবি করেন, আগামী ৭৫ বছর বাংলায় ক্ষমতায় থাকবে বিজেপি। উন্নয়নের কারণেই মানুষের জনসমর্থনে বিজেপি সরকার এগিয়ে যাবে।















