দিল্লির বুকে প্রথমদিন ইন্ডিয়ার বৈঠক ও পরের দিন সাংবাদিক বৈঠক থেকে মুখ্য নির্বাচন কমিশনার, এসআইআর নির্বাচন প্রক্রিয়া নিয়ে তীব্র আক্রমণ করেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার কলকাতায় ফিরে জ্ঞানেশ ইস্যুতে ককরোচ জনতা পার্টির আন্দোলনকে পূর্ণ সমর্থন জানানোর কথা ঘোষণা করলেন তৃণমূল নেত্রী। এদিন নেতাজি সুভাষ বিমানবন্দরে বেরনোর পথে তাঁর প্রতি আস্থা দেখান মমতা তৃণমূলের কর্মী-সমর্থকরা, ওঠে জয়বাংলা ধ্বনি।
মুখ্য নির্বাচন কমিশনারের পদ থেকে জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar) ইস্তফার দাবিতে শুক্রবার দেশভর আন্দোলন করছে ককরোচ জনতা পার্টি (CJP)। সঙ্গে রয়েছে জেন-জিও (Gen-Z)। সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত উত্তাল। এর আগে নিট-এর প্রশ্নফাঁসকাণ্ডে দিল্লির যন্তরমন্তর উত্তাল হয়ে ওঠে। তৎকালীন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা চেয়ে দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। প্রতিবাদের জেরে পদত্যাগ করতে বাধ্য হন ধর্মেন্দ্র প্রধান। এবার ভোটচুরির জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে প্রতিবাদে নেমেছে ‘ককরোচ’। আর এই একই দাবিতে দিল্লি (Delhi) গত দুদিন ধরে সুর চড়িয়েছেন তৃণমূল সুপ্রিমো। তথ্য পরিসংখ্যান তুলে মমতা ভোটচুরির অভিযোগ করেন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: জ্ঞানেশ তাড়াও! কলকাতা-দিল্লিতে বিক্ষোভ বিরোধীদের, আটক ৭০০-র বেশি
এদিন বিকেলে কলকাতা পৌঁছন মমতা। তাঁকে স্বাগত জানালে বিমানবন্দরে উপস্থিত ছিলেন মমতা তৃণমূলের অসংখ্য কর্মী-সমর্থক। দলনেত্রীকে দেখা মাত্র স্বাগত ধ্বনি দেন তাঁরা। ওঠে ‘জয় বাংলা’ স্লোগানও। গাড়িতে ওঠার আগে আগে সাংবাদিকরা তাঁকে এদিনের বিক্ষোভ-আন্দোলন নিয়ে প্রশ্ন করলে মমতা বলেন, “ককরোচ জনতা পার্টি ও যুব প্রজন্মের আন্দোলনকে আমরা পূর্ণ সমর্থন জানাচ্ছি। আমরাও মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি করেছি।“















