রাজ্যপাল আর এন রবির (R. N. Ravi) নাম ভাঁড়িয়ে প্রতারণার চেষ্টা! কোনও নেতা বা মন্ত্রীর নাম নয়, এবার সরাসরি রাজ্যপালের (Governor) পরিচয় ব্যবহার করে বিভ্রান্ত করার অভিযোগ। বিষয়টি প্রকাশ্যে আসতেই সতর্কবার্তা জারি করেছে লোকভবন (Lok Bhavan)। শুধু ফোনে ভুয়ো পরিচয় দেওয়াই নয়, কলকাতার (Kolkata) একটি অনুষ্ঠানের প্রচারেও অনুমতি ছাড়াই রাজ্যপালের ছবি ব্যবহারের অভিযোগ উঠেছে।
লোক ভবনের তরফে জানানো হয়েছে, ৯৮৩৬২০৫১৬২ এবং ৯৮৩৬৮৭৪৯১৩ নম্বর থেকে ফোন করা হয়েছিল। ফোনে এক ব্যক্তি নিজেকে গভর্নর হাউসের ‘আকাশ সিং’ বলে পরিচয় দেন। পরে খোঁজ নিয়ে লোক ভবন স্পষ্ট করেছে, এই নামে গভর্নর হাউসে কোনও ব্যক্তি কর্মরত নেই। এখানেই শেষ নয়। আরও এক ব্যক্তি নিজেকেই রাজ্যপাল বলে পরিচয় দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ।
আরও পড়ুন: ব্রাজিল দলের মেনুতে চমক, কলকাতার আতিথিয়তায় মুগ্ধ মার্কুইহোস
এর পাশাপাশি, কলকাতায় আয়োজিত একটি অনুষ্ঠানের প্রচারসামগ্রীতে রাজ্যপালের ছবি ব্যবহারের বিষয়টিও নজরে এসেছে লোক ভবনের। অভিযোগ, সেই ছবি ব্যবহারের জন্য কোনও অনুমতি নেওয়া হয়নি। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। কারা এই ঘটনায় জড়িত, তা চিহ্নিত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে। ছবি ব্যবহারের অভিযোগের ক্ষেত্রে সংশ্লিষ্টদের কাছ থেকে "অ্যাকশন টেকেন রিপোর্ট"ও চাওয়া হয়েছে।
ঘটনার পর সাধারণ মানুষকেও সাবধান করেছে লোক ভবন। অচেনা নম্বর থেকে রাজ্যপাল বা রাজভবনের পরিচয় দিয়ে ফোন এলে আগে তথ্য যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে অনুমতি ছাড়া রাজ্যপালের নাম, ছবি বা পদবি ব্যবহার করা যাবে না বলেও স্পষ্ট করে দেওয়া হয়েছে। কোথাও রাজ্যপালের ছবি অনুমতি ছাড়া ব্যবহার করা হয়েছে বলে নজরে এলে ০৩৩-২২০০-১৬৪১ নম্বরে জানানো যাবে। অভিযোগ পাঠানো যাবে (generalcellgs@gmail.com) ইমেলেও।
















