রাজ্যে সরকার বদলের পর এবার স্কুলের পাঠ্যসূচিতে (WBSSE Syllabus) বড়সড় পরিবর্তন। রবীন্দ্রনাথ ঠাকুরের (Rabindranath Tagore) ‘আফ্রিকা’ কবিতা (Africa Poem) বাদ দিয়ে তার পরিবর্তে ‘শিবাজী উৎসব’ অন্তর্ভুক্ত করা হচ্ছে। সিলেবাস কমিটির চেয়ারম্যান দেবাশিস চট্টোপাধ্যায় জানিয়েছেন, সনাতনী পরম্পরাকে বিশেষ গুরুত্ব দিয়েই এই পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী শিক্ষাবর্ষে পড়ুয়াদের হাতে যে নতুন পাঠ্যপুস্তক তুলে দেওয়া হবে, সেখানেই থাকবে এই পরিবর্তন।
আরও পড়ুন: দেশ গর্বিত আপনার কাজে! আহত পাইলট স্মিতের সঙ্গে ভিডিও কলে কথা প্রধানমন্ত্রীর
সিলেবাস কমিটির চেয়ারম্যান জানিয়েছেন, " রবীন্দ্রনাথের ‘আফ্রিকা’ কবিতায় ইউরোপীয় সভ্যতা এবং তার বিভিন্ন নিদর্শন নিয়ে যে বক্তব্য রয়েছে, সেটির পরিবর্তে সনাতনী পরম্পরার সঙ্গে সম্পর্কিত বিষয়কে পাঠ্যসূচিতে গুরুত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সেই কারণেই ‘আফ্রিকা’র জায়গায় রাখা হচ্ছে ‘শিবাজী উৎসব’।"
শুধু সাহিত্য নয়, ইতিহাসের পাঠ্যসূচিতেও একাধিক পরিবর্তনের কথা সামনে এসেছে। দেশাত্মবোধের ধারণাকে গুরুত্ব দিয়ে দ্বিজেন্দ্রলাল রায়ের ‘মেবার পতন’ নাটক অন্তর্ভুক্ত করা হচ্ছে। অন্যদিকে, এতদিনের পাঠ্যসূচিতে থাকা ‘সিরাজদৌল্লা’ নাটক বাদ পড়ছে।
নতুন পাঠ্যসূচিতে ইতিহাসের বিভিন্ন অধ্যায়ের গুরুত্বেও বদল আনা হচ্ছে বলে সূত্রের খবর। মুঘল সাম্রাজ্য সম্পর্কিত বিষয়বস্তুর পরিমাণ কমিয়ে জাতীয়তাবাদী আন্দোলনের উপর বেশি গুরুত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে সিলেবাস কমিটির তরফে জানানো হয়েছে। পাশাপাশি ইতিহাসের পাঠে কমিউনিজমকে আগের মতো গুরুত্ব দেওয়া হবে না।
ভাষার ক্ষেত্রেও পরিবর্তনের ছাপ থাকছে নতুন পাঠ্যসূচিতে। ‘পানি’, ‘আব্বা’, ‘আম্মু’-র মতো কয়েকটি শব্দ বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে খবর। একই সঙ্গে তৃণমূল সরকারের আমলে পাঠ্যসূচিতে জায়গা পাওয়া ‘কন্যাশ্রী’ প্রকল্পের ইতিহাসও নতুন বইয়ে থাকছে না বলে সূত্রের খবর।
পাঠ্যসূচি থেকে বাদ পড়তে চলেছে সিঙ্গুর আন্দোলনের প্রসঙ্গও। ২০০৬ সালে জমি অধিগ্রহণকে কেন্দ্র করে সিঙ্গুরে যে আন্দোলন হয়েছিল, তা পরবর্তীকালে রাজ্যের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে ওঠে। ২০১৭-১৮ শিক্ষাবর্ষে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অষ্টম শ্রেণির ইতিহাসের বইয়ে সিঙ্গুর আন্দোলনকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। নতুন পাঠ্যপুস্তকে সেই অধ্যায় আর রাখা হচ্ছে না বলে জানা গিয়েছে।
সিঙ্গুরের জমি অধিগ্রহণ নিয়ে দীর্ঘ আইনি লড়াইয়ের পর ২০১৬ সালে সুপ্রিম কোর্ট জমি অধিগ্রহণের প্রক্রিয়াকে বেআইনি ঘোষণা করে এবং জমি ফেরানোর নির্দেশ দেয়। সেই ঘটনাকে ঘিরে রাজ্যের রাজনৈতিক ইতিহাসেও তৈরি হয়েছিল গুরুত্বপূর্ণ অধ্যায়। তবে নতুন পাঠ্যসূচিতে সেই আন্দোলনের উল্লেখ না রাখার সিদ্ধান্ত হয়েছে।
সব মিলিয়ে নতুন পাঠ্যক্রমে সাহিত্য, ইতিহাস এবং ভাষার একাধিক ক্ষেত্রে পরিবর্তনের ছবি স্পষ্ট। একদিকে রবীন্দ্রনাথের ‘আফ্রিকা’র পরিবর্তে ‘শিবাজী উৎসব’, অন্যদিকে ইতিহাসে জাতীয়তাবাদী আন্দোলনের উপর বাড়তি গুরুত্ব—এই পরিবর্তনগুলির মাধ্যমে সনাতনী পরম্পরা ও দেশাত্মবোধকে পাঠ্যসূচিতে আরও গুরুত্ব পেতে চলেছে। আগামী ২ জানুয়ারি থেকে পড়ুয়াদের হাতে তুলে দেওয়ার কথা নতুন পাঠ্যপুস্তক।
















