দীর্ঘ প্রতীক্ষার অবসান। রাজ্যের বিভিন্ন চুক্তিভিত্তিক শিক্ষাকর্মী ও শিক্ষা দফতরের সঙ্গে যুক্ত কর্মীদের পারিশ্রমিক বৃদ্ধির নির্দেশিকা জারি করল স্কুলশিক্ষা দফতর (WestBengal Education Department) । জারি হওয়া ৩০ সেপ্টেম্বরের বিজ্ঞপ্তিতে প্যারাটিচার (Para Teacher), শিক্ষাবন্ধু, সহায়ক-সহায়িকা, সম্প্রসারক-সম্প্রসারিকা থেকে শুরু করে একাধিক পদে মাসিক পারিশ্রমিক বাড়ানোর কথা জানানো হয়েছে।

আরও পড়ুন: এক দেশ এক ভোট: সংসদীয় কমিটির সঙ্গে বৈঠক বাতিল সুপ্রিম-বিচারপতিদের

রাজ্যপালের অনুমোদনের পরই এই বেতনবৃদ্ধির নির্দেশ জারি হয়েছে। এর আগে ৭ সেপ্টেম্বর ২০২৬-এর মন্ত্রিসভার বৈঠকেও এই প্রস্তাবে সম্মতি দেওয়া হয়েছিল। অর্থ দফতরের (Finance Department) অনুমোদনের ভিত্তিতেই নতুন হারে পারিশ্রমিক কার্যকর হবে।

 

নতুন নির্দেশিকা অনুযায়ী, প্রাথমিক স্তরের প্যারাটিচারদের মাসিক পারিশ্রমিক ১১,৯৪১ টাকা থেকে বেড়ে হয়েছে ১৬,৯৪১ টাকা। অর্থাৎ মাসে ৫,০০০ টাকা বৃদ্ধি হয়েছে। উচ্চ প্রাথমিকের প্যারাটিচারদের পারিশ্রমিকও ১৫,৫২৩ টাকা থেকে বাড়িয়ে ২০,৫২৩ টাকা করা হয়েছে। শিক্ষাবন্ধুদের ক্ষেত্রেও একই হারে পারিশ্রমিক বেড়েছে। ৯,৯৫৪ টাকা থেকে তা বাড়িয়ে ১৪,৯৫৪ টাকা করা হয়েছে। স্পেশাল এডুকেটরদের মাসিক পারিশ্রমিক ১৪,৯২৪ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ১৯,৯২৪ টাকায়।

 

স্কুলশিক্ষা দফতরের অধীন অন্যান্য কর্মীদের (Staff) ক্ষেত্রেও পারিশ্রমিক বৃদ্ধির কথা জানানো হয়েছে। এসএসকে-র সহায়ক ও সহায়িকাদের পারিশ্রমিক ১১,৯৪১ টাকা থেকে বেড়ে হয়েছে ১৬,৯৪১ টাকা। এমএসকে-র সম্প্রসারক ও সম্প্রসারিকাদের (SSK) ক্ষেত্রে ১৫,৫২৩ টাকা থেকে বেড়ে হয়েছে ২০,৫২৩ টাকা। মুখ্য সম্প্রসারক ও সম্প্রসারিকাদের (MSK) পারিশ্রমিক ১৬,১৭৮ টাকা থেকে বাড়িয়ে ২২,১৭৮ টাকা করা হয়েছে।

 

অ্যাকাডেমিক সুপারভাইজারদের মাসিক পারিশ্রমিকও ১৩,৭৮১ টাকা থেকে বেড়ে হয়েছে ১৮,৭৮১ টাকা। ডিস্ট্রিক্ট কোয়ালিটি ম্যানেজারদের ক্ষেত্রে ১৯,৬৯২ টাকা থেকে বেড়ে নতুন পারিশ্রমিক হয়েছে ২৫,৬৯২ টাকা। PA-cum-DEO পদে মাসিক পারিশ্রমিক ১৪,৭৭৪ টাকা থেকে বাড়িয়ে ১৯,৭৭৪ টাকা করা হয়েছে।

 

উচ্চমাধ্যমিক স্তরের পার্ট-টাইম চুক্তিভিত্তিক শিক্ষকদেরও পারিশ্রমিক বাড়ানো হয়েছে। ১৫,২১৮ টাকা থেকে তাঁদের মাসিক পারিশ্রমিক বেড়ে হয়েছে ২০,২১৮ টাকা। অন্যদিকে, PM-POSHAN-এর অধীনে এডুকেশন সুপারভাইজারদের পারিশ্রমিক ১১,০০০ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ১৬,০০০ টাকায়।

 

তবে ম্যানেজমেন্ট স্টাফদের ক্ষেত্রে বৃদ্ধির পরিমাণ আলাদা। PBSSM-এর বর্তমান কর্মীদের প্রাপ্য ৯,৮৭০ টাকা থেকে বাড়িয়ে ৫১,৫৫৮ টাকা এবং নতুন কর্মীদের ক্ষেত্রে ১৪,৮৭০ টাকা থেকে বাড়িয়ে ৬১,৫৫৮ টাকা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ অধিকাংশ পদেই মাসিক ৫,০০০ টাকা করে পারিশ্রমিক বৃদ্ধি পেয়েছে। ম্যানেজমেন্ট স্টাফদের ক্ষেত্রে সংশ্লিষ্ট বেতনস্তর অনুযায়ী বৃদ্ধির পরিমাণ ৫,০০০ থেকে ১০,০০০ টাকা পর্যন্ত হয়েছে। দীর্ঘদিন ধরে পারিশ্রমিক বৃদ্ধির দাবি ও অপেক্ষার পর শিক্ষা দফতরের এই নির্দেশিকায় স্বস্তিতে শিক্ষকেরা।