পুজোর আগেই রাজ্যবাসীকে সরকারি প্রকল্পের সুবিধা লাভের সুযোগ দিতে শুক্রবার থেকে শুরু হচ্ছে বিশেষ জনকল্যাণ শিবির 'সেবা সেতু অভিযান'। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) নির্দেশমতো ২ অক্টোবর থেকে কলকাতার ১৬ টি বড় এবং রাজ্যের সমস্ত ব্লকে ব্লকে আগামী তিন দিনব্যাপী অর্থাৎ ৪ অক্টোবর, রবিবার পর্যন্ত এই শিবির চলবে। অন্নপূর্ণা যোজনা থেকে শুরু করে আয়ুষ্মান ভারত, পিএম কিষান ক্রেডিট কার্ড, প্রধানমন্ত্রী আবাস যোজনা, বার্ধক্য ভাতা, বিধবা ভাতার মতো গুরুত্বপূর্ণ কুড়িটি কেন্দ্রীয় প্রকল্পে নতুন করে আবেদনের সুযোগ মিলবে।
দুর্গাপুজো - কালীপুজোর মরশুমের পরেই রাজ্যে ভোটের দামামা। নভেম্বরের শেষে কলকাতা, হাওড়া-সহ রাজ্যের একাধিক পুরসভায় নির্বাচন করার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এই আবহে সাধারণ মানুষকে জনকল্যাণমূলক সব সরকারি প্রকল্পের সুবিধে পৌঁছে দিতে রাজ্যের প্রশাসনিক প্রধানের নির্দেশে এবারের এই বিশেষ 'সেবা সেতু অভিযান' হচ্ছে। শিবিরে যাঁরা আসবেন তাঁদের সব ধরনের সহায়তা করার জন্য স্থানীয় নেতৃত্ব থেকে বিধায়কদের নির্দেশ দেওয়া হয়েছে।জানা গিয়েছে, প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই বিশেষ সেবা সেতু অভিযানে বিভিন্ন প্রকল্পের ফর্ম নিয়ে পরিষেবা দিতে হাজির থাকবেন সরকারি আধিকারিকরা। অনেকেই মনে করছেন নতুন করে আবেদনের সুযোগ থাকায় অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণ করার জন্য ফের রেকর্ড ভিড় হতে পারে মহিলাদের। এই চাপ সামলাতে প্রশাসনের বিশেষ নজরদারির কথা বলা হয়েছে।
কেএমসি (KMC) সূত্রে জানা গিয়েছে, কলকাতায় দুটি ওয়ার্ড পিছু একটি করে এই সেবা সেতু অভিযানের বিশেষ সহায়তা শিবির খোলা হচ্ছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা হোক কিংবা জয় জোহার, যুবশক্তি প্রকল্প হোক বা আয়ুষ্মান ভারত- নানা সরকারি প্রকল্পের কাউন্টারে ভিড় নিয়ন্ত্রণের জন্য তিনদিনই কলকাতা পুরসভার তরফে প্রতিটি শিবিরে বাড়তি পুলিশি নিরাপত্তা দেবে লালবাজার। রাজ্যের বিভিন্ন ব্লক পুরসভা ও পুরনিগম এলাকায় চলবে এই শিবির। পুরানো 'জনকল্যাণ শিবির'-এর পরিবর্তিত রূপ হিসেবে একক-উইন্ডো আউটরিচ শিবিরের মাধ্যমে একই ছাদের তলায় বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা ও সমস্যার সমাধান প্রদান করতে সরকারি উদ্যোগ কতটা ফলপ্রসূ হয় এখন সেটাই দেখার।
















