'এক দেশ এক ভোট' (One Nation, One Vote) সংক্রান্ত বিল নিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতিদের বৈঠক বাতিল যৌথ সংসদীয় কমিটির। সুপ্রিম কোর্টের (Supreme Court) সেক্রেটারি জেনারেল জানিয়েছেন, ১২৯তম সংবিধান সংশোধনী নিয়ে জেপিসি-র সঙ্গে বিচারপতিদের আগামী ৬ অক্টোবর যে বৈঠক হওয়ার কথা ছিল, তা নিয়ে বিচারপতিরা নিজেদের মধ্যে আলোচনা করেছেন। সেই আলোচনার পরে বিচারপতিরা মনে করেছেন, ভবিষ্যতে বিষয়টির সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে মামলা হতে পারে শীর্ষ আদালতে। তাই বিলটির প্রশাসনিক দিক নিয়ে আলোচনা করা অনুচিত।
এই বৈঠকের যৌক্তিকতা নিয়ে আগেই প্রশ্ন তুলেছিলেন রাজ্যসভার সাংসদ কপিল সিব্বাল। তাঁর কথায়, "যে আইন ভবিষ্যতে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হতে পারে, সেই আইন কতটা ভালো, তা নিয়ে বিচারপতিদের সঙ্গে সংসদীয় কমিটির সদস্যরা কীভাবে আলোচনা করতে পারেন? এই পদক্ষেপ ‘অসাংবিধানিক’ এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণের পরিপন্থী। দেশের শাসনব্যবস্থার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং সংবিধানের কার্যপ্রণালীর সঙ্গে সম্পর্কিত প্রশ্ন এই বিলের সঙ্গে জড়িত। এটা জানা সত্ত্বেও বিচারবিভাগ কী ভাবে এই আমন্ত্রণ গ্রহণ করল?"
আরও পড়ুন: পুলিশের সঙ্গে বচসা-ধরপাকড়, আপের বিক্ষোভ দিল্লিতে তুলকালাম
সব কিছু ঠিক থাকলে দেশের পরবর্তী সাধারণ নির্বাচন আয়োজিত হবে ২০২৯–এ। ওই সাধারণ নির্বাচনের সময় থেকেই ভারতে ‘এক দেশ-এক ভোট’ নীতি লাগু করতে বদ্ধপরিকর কেন্দ্রীয় সরকার- এমনই দাবি সরকারি সূত্রের৷ ‘এক দেশ-এক ভোট’ সংক্রান্ত সংবিধান সংশোধনী বিলগুলি বর্তমানে যৌথ সংসদীয় কমিটি বা জেপিসির বিবেচনাধীন৷
















