ফ্লাই দুবাইয়ের অসীম সাহসী ভারতীয় পাইলট স্মিত মচ্ছারের (Smit Machchhar) দ্রুত আরোগ্য কামনায় যখন দেশের বিভিন্ন প্রান্তে মহামৃত্যুঞ্জয় যজ্ঞ ও মন্ত্রপাঠ চলছে, তখন ভারতীয় সময়ে শুক্রবার সকালে হাসিমুখে প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কলে কথা বললেন চিকিৎসাধীন পাইলট। জানালেন, তিনি আগের থেকে ভালো আছেন। ডাক্তাররাও বলছেন, এই মুহূর্তে পুরোপুরি স্থিতিশীল স্মিত। তিনি আপাতত বিপদসীমার বাইরে রয়েছেন। ভারতীয় বিদেশমন্ত্রকের তরফ থেকে জারি করা বিবৃতিতে জানানো হয়েছে, রক্তাক্ত অবস্থায় সঠিকভাবে ফ্লাই দুবাই বিমান (Fly Dubai Flight) অবতরণ করানো রিয়েল লাইফ 'হিরো' ভারতীয় পাইলটকে আপাতত আবুধাবির হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। 

আরও পড়ুন: এক দেশ এক ভোট: সংসদীয় কমিটির সঙ্গে বৈঠক বাতিল সুপ্রিম-বিচারপতিদের

৯/১১-এর ধাঁচে হামলা রুখে দিয়ে ক্যাপ্টেন স্মিত গোটা দেশের গর্বের কারণ হয়ে উঠেছেন। তাই ভারত থেকে দূরে থাকলেও প্রায় ১৫০ কোটির দেশ প্রতিমুহূর্তে স্মিতের আরোগ্য কামনা করছে। বৃহস্পতিবার হাসপাতালে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেছেন সংযুক্ত আরব আমিরশাহিতে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত। ক্যাপ্টেনের চিকিৎসা ও স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে প্রতি নিয়ত খোঁজ নিচ্ছে ভারত সরকার। গান্ধী জয়ন্তীর সকালে ভিডিও কলে পাইলটের সঙ্গে কথাও বলেছেন। স্মিত নিজেও জানিয়েছেন আপাতত তিনি অনেকটাই সুস্থ বোধ করছেন। তবে মাথায় এবং বুকে-পেটে এখনও যথেষ্ট আঘাত রয়েছে। ক্ষত শুকোতে সময় লাগবে, বলছেন চিকিৎসকরা। ভয়ংকর সেই ঘটনার পর প্রাথমিকভাবে সৌদির তাবুকের প্রেন্স সুলতান বিন আব্দুলঅজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণের পর সেখানে অস্ত্রোপচার করা হয় স্মিতের। পরবর্তীতে উন্নত চিকিৎসা ও দ্রুত সেরে ওঠার জন্য বৃহস্পতিবার সকালে বিশেষ সুরক্ষা দলের তত্ত্বাবধানে তাঁকে আবু ধাবিতে এয়ারলিফ্ট করে স্থানান্তরিত করা হয়। সেখানে স্মিতের সঙ্গে সাক্ষাতের পর এক বিবৃতিতে রাষ্ট্রদূত দীপক মিত্তল বলেন, "আমি স্মিত ও তাঁর পরিবারের সঙ্গে হাসপাতালে দেখা করেছি। তিনি হাসিমুখে কথা বলছেন ও গল্প করছেন। এখন ভাল আছেন এবং তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।"

বছর চারেক আগে ফ্লাইদুবাই এয়ারলাইন্সে পাইলট হিসেবে যোগ দেন ক্যাপ্টেন স্মিত মচ্ছর।১৩ বছরেরও বেশি সময় ধরে বোয়িং ৭৩৭ (Boeing 737) সিরিজের বাণিজ্যিক বিমান চালানোর অভিজ্ঞতা রয়েছে তাঁর।মাঝ আকাশে তাঁর উপর হামলা চালিয়ে বিমান অকেজো করার চেষ্টা করেছিলেন সহকারী পাইলট। কিন্তু সাহসিকতা ও তৎপরতার সঙ্গে শুধু পরিস্থিতি সামাল দেওয়াই নয় বিমান হাইজ্যাক হওয়া থেকে শুরু করে শতাধিক যাত্রীর প্রাণও বাঁচিয়েছেন তিনি। অন্য দিকে, অভিযুক্ত সহকারী পাইলটকে জিজ্ঞাসাবাদের পর সংযুক্ত আরব আমিরশাহির হাতে তুলে দিয়েছে সৌদি আরব। যেভাবে বিমানে ফ্লাই দুবাইয়ের বিমানে হামলা হয়েছে তাতে ইরান যোগের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।