মাঝ আকাশে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে অসীম সাহসিকতা প্রদর্শন করে যেভাবে বিমান যাত্রীদের প্রাণ বাঁচিয়েছেন ভারতীয় পাইলট স্মিত মচ্ছার (Captain Smit Machchhar), তাতে মুগ্ধ ভারত-সহ একাধিক দেশের রাষ্ট্রপ্রধানরা। সমাজমাধ্যমে রিয়েল লাইফ হিরো পাইলটের প্রশংসায় পঞ্চমুখ ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। সমাজমাধ্যমে পোস্ট করে স্মিত মচ্ছারকে কুর্নিশ জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।

বুধবার দুবাই থেকে ১৮০ জন যাত্রী নিয়ে রওনা দিয়েছিল বোয়িং ৭৩৭ ম্যাক্স বিমান। গন্তব্য ছিল তেল আভিভ। কিন্তু আচমকা বিমান হাইজ্যাক হওয়ার বার্তা যায় এটিসির (ATC) কাছে। আশঙ্কায় দ্রুত আকাশের যুদ্ধবিমান পাঠায় ইজরায়েল। কিছুক্ষণের মধ্যে জানা যায় বিমানের জরুরি অবতরণ হয়েছে সৌদিতে এবং যাত্রীরাও সুরক্ষিত রয়েছেন। তাহলে মাঝআকাশে বিমান থেকে এয়ার ট্রাফিক কন্ট্রোলে জরুরি সংকেত পাঠানো হল কেন? পরে জানা গিয়েছে, বিমানের চালকের আসনে থাকা ভারতীয় বংশোদ্ভূত পাইলট ক্যাপ্টেন মচ্ছারের উপর আচমকা হামলা চালান সহ-পাইলট। ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপানো হয় তাঁকে। রক্তাক্ত হয়েও তিনি দায়িত্ব ছেড়ে দেননি। নিজের জীবনের পরোয়া না করে প্রায় দু’মিনিটে ১৭ হাজার ৪০০ ফুট নিচে নেমে আসে বিমানটিকে শেষ পর্যন্ত সফলভাবে অবতরণ করান। প্রাণ বাঁচিয়েছেন কয়েকশো জনের।বৃহস্পতিবার মোদি তাঁর এক্স হ্যান্ডলে লেখেন, ‘ক্যাপ্টেন স্মিত মচ্ছার একজন বীর। চরম বিপদের মুখে এবং গুরুতর আহত হওয়া সত্ত্বেও, তিনি অন্যদের জীবন রক্ষায় অসীম সাহস ও অবিচল সংকল্পের পরিচয় দিয়েছেন। তাঁর বীরত্ব শত শত মানুষের জীবন বাঁচাতে এবং বড় বিপর্যয় এড়াতে সহায়তা করেছে। ভারত গর্বিত।’

 

বিমানে সফররত যাত্রীরা জানান, সতীর্থের ছুরিকাঘাতে রক্তাক্ত অবস্থায় লড়ে গিয়ে অগুণতি প্রাণ বাঁচিয়েছেন স্মিত। বর্তমানে তিনি সৌদির একটি হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্ত সতীর্থ পাইলটকে গ্রেফতার করা হয়েছে। ইজরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহু পাইলটের ভুসিভুয়সী প্রশংসা করে এক্স হ্যান্ডলে লেখেন, ‘ছুরিকাঘাতে গুরুতর আহত হওয়া সত্ত্বেও তিনি পালটা লড়াই ও প্রতিরোধ গড়ে তোলেন। ককপিটের দরজা খুলে দেন। এর ফলে যাত্রী ও ক্রু-রা হামলাকারীকে কাবু করতে সক্ষম হন। আকাশে ভয়াবহ এক বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে। ইজরায়েলি নাগরিক-সহ অনেকের জীবন বাঁচিয়েছেন তিনি।’ ক্যাপ্টেন স্মিত মচ্ছারকে ‘হিরো’ বলে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।