জম্মু-কাশ্মীরে (Jammu and Kashmir) ফের গুলির লড়াই। গভীর রাতে ইউসমার্গের কোরাগ এলাকায় সন্দেহজনক গতিবিধি নজরে আসতেই অ্যাকশনে নামে ভারতের নিরাপত্তাবাহিনী। বদগাঁওয়ে জঙ্গিদের সঙ্গে দফায় দফায় গুলির লড়াইয়ে সুলেমান শাহ ওরফে ‘মুসা’ নামের লস্কর ই তৈবার এক জঙ্গি নিকেশ হয়েছে বলে সূত্রের খবর।তবে চিন্নার কর্পসের (Chinar Corps Indian Army) সরকারি বিবৃতিতে নিহত জঙ্গির পরিচয় প্রকাশ করা হয়নি। মঙ্গলবার রাত থেকে শুরু অভাব গুলির লড়াই বুধবার সকালেও জারি রয়েছে বলে সেনা সূত্রে জানা গিয়েছে।
স্থানীয় পুলিশকর্তা জানিয়েছেন, লস্করের অন্যতম শীর্ষ কমান্ডার মুসা অনেকদিন ধরেই মোস্ট ওয়ান্টেড তালিকায় ছিল। বিগত কয়েক দিন ধরেই পীরপঞ্জাল পর্বতমালার দু’দিকে একাধিক হামলার ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ ছিল মুসার বিরুদ্ধে। মঙ্গলবার রাষ্ট্রীয় রাইফেলসের জওয়ানেরা খবর পান যে বদগাঁওয়ের জঙ্গল এলাকায় জঙ্গিরা ঘাঁটি গেড়েছে। এখানে অভিযান চালালে সেনাবাহিনীকে দেখে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় নিরাপত্তাবাহিনী। দু পক্ষের লড়াইয়ে মুসার মৃত্যু হয়েছে বলে খবর।
চলতি মাসের শুরুতে ইউসমার্গ পাহাড়ি অঞ্চলে একটি অভিযান চালিয়েছিল বাহিনী। তখন পালিয়ে যায়নি মুসা। সেই থেকে তার গতিবিধির উপর নজর রাখা হচ্ছিল। এবার এনকাউন্টারে মৃত্যু হল লস্কর জঙ্গির। আর কেউ ওই জঙ্গল এলাকায় লুকিয়ে রয়েছে কিনা তা খুঁজে বের করতে চিরুনি তল্লাশি চালাচ্ছে ভারতীয় সেনা, জম্মু ও কাশ্মীর পুলিশ এবং শ্রীনগর পুলিশের আধিকারিকরা।
















