মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (CEC Gyanesh Kumar) পদত্যাগের দাবিতে দেশজুড়ে প্রতিবাদ বিক্ষোভের মধ্যেই এবার রাজধানীতে বৈঠকে I.N.D.I.A ব্লক। বুধবার সকালে দিল্লির কনস্টিটিউশন ক্লাবে বিরোধীদের বৈঠক শুরু হয়েছে। উপস্থিত রয়েছেন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। সমাজবাদী পার্টি (SP) বৈঠকে উপস্থিত থাকলেও রাজ্যসভার মনোনয়ন সংক্রান্ত কাজে ব্যস্ত থাকার কারণে নেই অখিলেশ যাদব। কংগ্রেসের সঙ্গে দূরত্বের কারণে আপ (AAP) এবং ডিএমকে (DMK) আগেই এই বৈঠকে যোগ দেবে না বলে জানিয়েছিল। তবে তারা মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আয়োজিত এই বৈঠককে সমর্থন জানিয়েছেন।

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলনের রূপরেখা ঠিক করতে এদিন সকাল এগারোটা থেকে রাজধানীতে বৈঠক শুরু হয়েছে। উপস্থিত রয়েছে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, সিপিএম, সিপিআই, সিপিআই এম এল, আরজেডি, ন্যাশনাল কনফারেন্স, এনসিপি, উদ্ভব শিবির, সমাজবাদী পার্টি, ঝাড়খন্ড মুক্তি মোর্চা সহ ২১ বিজেপি বিরোধী দলের প্রতিনিধিরা।

একদিকে যখন এসআইআরে ভোট চুরি ইস্যুতে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনকে হাতিয়ার করে মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সরব বিরোধীরা, তখন দিল্লিতেই পাল্টা বৈঠক বিজেপির। মঙ্গলবার রাতে বিজেপির সভাপতি নিতিন নবীনের বাসভবনে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে প্রায় ঘণ্টা দুয়েক মিটিং হয়। ছিলেন সুনীল বনশল, পীযূষ গোয়েল, শিবরাজ সিং চৌহানরা। এসআইআরের পক্ষে মানুষকে কীভাবে বোঝানো যায় তা নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর।