শুক্রবার ভোরের আলো স্পষ্ট হওয়ার আগেই মুর্শিদাবাদের (Murshidabad) বহরমপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড। এদিন চুয়াপুর মোড়ে একটি কাপড়ের দোকানের গুদামে আচমকা আগুন লাগার ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। শর্ট সার্কিট থেকে আগুন বলে প্রাথমিক অনুমান দমকলের। হতাহতের কোনও খবর আপাতত মেলেন। দমকলের দুটি ইঞ্জিন অত্যন্ত দ্রুততার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছে বলে জানা গিয়েছে।
স্থানীয়রা বলছেন, ভোরের দিকে আচমকা চুয়াপুরের কাছে একটি বাড়ির গ্রাউন্ড ফ্লোরে থাকা কাপড়ের গুদাম ঘরে আগুন লেগে যায়। মূল ফটকের তালা ভাঙতে না পারায় গ্যাসকাটার দিয়ে দরজা কেটে ভেতরে ঢুকতে হয় দমকল আধিকারিকদের। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে গুদামের বেশিরভাগ সামগ্রী ও লক্ষাধিক টাকার সম্পত্তি পুড়ে ছাই হয়ে গিয়েছে। ওই বাড়ির উপরতলার বাসিন্দারা বিকল্প পথ দিয়ে নিরাপদে বাইরে বেরিয়ে আসেন। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনও পর্যন্ত জানা যায়নি।
















