জল সংরক্ষণ, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং গ্রামীণ জীবিকার উন্নয়নের লক্ষ্যে জলবিভাজিকা উন্নয়ন (Watershed Development) কর্মসূচিকে জনআন্দোলনের রূপ দিতে ‘সংস্কার উৎসব’-এর আয়োজন করছে রাজ্য সরকার (WestBengal Government)। ২ অক্টোবর থেকে গ্রামসভার মাধ্যমে রাজ্যের ৯,৫৯১টি গ্রাম পঞ্চায়েতে এই কর্মসূচি শুরু হবে। পরে জেলা ও প্রকল্প (Scheme) স্তরেও ‘সংস্কার উৎসব’-এর আয়োজন করা হবে।

আরও পড়ুন: ‘মডেল বিধানসভা’ হবে রেজিনগর: উপনির্বাচনের প্রচারে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

সরকারের তরফে জানান হয়েছে, গত ১২ বছরে দেশে প্রায় ৩.৪ কোটি হেক্টর জমি জলবিভাজিকা উন্নয়ন কর্মসূচির আওতায় এসেছে। পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত ১.২৯ লক্ষ হেক্টর জমিতে এই প্রকল্প বাস্তবায়িত হয়েছে। এর ফলে প্রায় ২.৩০ লক্ষ প্রান্তিক কৃষক (Farmer) ও কৃষিজীবী উপকৃত হয়েছেন। ভূগর্ভস্থ জলের স্তর বৃদ্ধি, চাষযোগ্য জমির পরিমাণ বাড়ানো এবং কৃষকদের আয় বৃদ্ধির মতো ইতিবাচক ফল মিলেছে বলেও দাবি করা হয়েছে।

প্রকল্পে সমতল এলাকায় প্রতি হেক্টরে বরাদ্দ ২১২০০০ টাকা থেকে বাড়িয়ে ২২২০০০ টাকা এবং পাহাড়ি ও দুর্গম এলাকায় ২৫০০০০ টাকা থেকে বাড়িয়ে ২৮০০০০ টাকা করা হয়েছে। পাশাপাশি প্রকল্পের মেয়াদ সাত বছর থেকে কমিয়ে পাঁচ বছর করায় কাজ দ্রুত শেষ করা এবং তার সুফল দ্রুত মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে বলে জানানো হয়েছে।

উন্নত বীজ, কৃষি উপকরণ, উদ্যানপালন, কৃষি-বনায়ন ও স্থানীয় উপযোগী কৃষি ব্যবস্থার উপরও জোর দেওয়া হচ্ছে। একই সঙ্গে স্থানীয় মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে ‘জলবিভাজিকা উন্নয়ন যাত্রা’ ও ‘সংস্কার উৎসব’-এর মাধ্যমে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

রাজ্য সরকারের বক্তব্য, ২০৪৭ সালের মধ্যে ‘যক্ষা-মুক্ত ভারত’ গড়ার লক্ষ্য সামনে রেখে জল, ভূমি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে এই কর্মসূচিকে গ্রামস্তরে আরও বিস্তৃত করা হবে।