নেতার দায়িত্বহীনতার খেসারত দিতে হয়েছে ছ’বছরের জাসমিনা খাতুনকে (Jasmina Khatun)। নির্বাচনী প্রচারের সময় প্রচার গাড়ি থেকে ছোড়া লজেন্স কুড়োতে গিয়ে গুরুতর আহত হয়েছিল শিশুটি। পরে কলকাতার এনআরএস হাসপাতালে (NRS Hospital) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। বৃহস্পতিবার সেই জাসমিনার বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Suvendu Adhikari)। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার পাশাপাশি ঘটনার দিন ঠিক কী হয়েছিল, তা জানতে চান তিনি। এবং তাঁদের পাশে থাকার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী।
অভিযোগ, রেজিনগরে ঋতব্রতপন্থী তৃণমূলের প্রচারের সময় গাড়ি থেকে লজেন্স ছোড়া হচ্ছিল। মাইকের আওয়াজ শুনে সেখানে ছুটে আসে জাসমিনা। লজেন্স কুড়োতে গিয়ে পড়ে গিয়ে গুরুতর চোট পায় সে। প্রথমে বেলডাঙা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা চলে। পরে অবস্থার অবনতি হলে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এবং সেখান থেকে কলকাতার এনআরএস হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাকে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রবিবার মৃত্যু হয় শিশুটির।
আরও পড়ুন: পিরিয়ডের ব্যথায় আর নয় পেইনকিলার! রান্নাঘরের এই টোটকাতেই লুকিয়ে ম্যাজিক
এদিকে আগামী ৬ অক্টোবর নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। শেষ মুহূর্তের প্রচারে সরগরম দুই কেন্দ্র। তার মধ্যেই রেজিনগরের এই ঘটনা রাজনৈতিক মহলে আলোচনার বিষয় হয়ে উঠেছে। শিশুটির পরিবারের সঙ্গে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ সেই আবহেই নতুন করে গুরুত্ব পেয়েছে।
















