ভোটগ্রহণে বাধা, বুথদখল, বিরোধী এজেন্টদের মেরে বুথ থেকে বের করে দেওয়ার মতো অনভিপ্রেত ঘটনা ঘটতে পারে। রেজিনগর উপনির্বাচনে মমতা তৃণমূলের (Mamata TMC) প্রার্থী রবিউল আলম চৌধুরীর সমর্থনে প্রচারে গিয়ে এই আশঙ্কা প্রকাশ করলেন তৃণমূল বিধায়ক তথা মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। শুক্রবার, রেজিনগরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাম-কংগ্রেসের কাছে অবাধ ও সুষ্ঠু ভোটের স্বার্থে একসঙ্গে বুথ রক্ষার আহ্বান জানান কুণাল। 

কুণাল বলেন, রেজিনগরে নানা আশঙ্কার কথা শোনা যাচ্ছে। বিরোধী এজেন্টদের মেরে বুথ থেকে বের করে, বুথ দখল করে, প্রকৃত ভোটারদের ভোট দিতে না দিয়ে উপনির্বাচন জেতার অপচেষ্টা করছে শাসকদল- অভিযোগ তৃণমূল বিধায়কে। এই ষড়যন্ত্র রুখতে প্রকৃত বিজেপি বিরোধীদের আহ্বান জানান কুণাল। 
আরও পড়ুন: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে CJP-যুব প্রজন্মের আন্দোলনকে পূর্ণ সমর্থন: দিল্লি থেকে ফিরে জানালেন মমতা

CPIM-কংগ্রেসকে আহ্বান জানিয়ে কুণাল বলেন, ভোট যার-যার তার-তার কিন্তু আসুন একসঙ্গে বুথ রক্ষা করি। যাঁদের প্রার্থী তাঁদেরই ভোটে দেবেন। আসুন একজোট হয়ে আমরা বুথ পাহারা দিই, বুথ রক্ষা করি। যাতে প্রকৃত ভোটার গিয়ে নিজের ভোট নিজে দিতে পারেন। 

পরে জনসভা থেকে বিজেপি (BJP) বিরোধীদের একজোট হওয়ার বার্তা দেন তৃণমূল বিধায়ক। তিনি বলেন, একজোট হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হাত শক্ত করুন। তিনিই বিজেপি-র বিরুদ্ধে লড়াই করছেন। দিল্লিতেও সোনিয়া গান্ধী-রাহুল গান্ধীদের সঙ্গে তৃণমূল সুপ্রিমোর কথা হয়েছে। বিজেপিকে হঠাতে একজোট হয়ে লড়াই করতে হবে। বিরোধী ভোট ভাগ না করে মুষ্ঠিবদ্ধ হাতের মতো বিজেপি বিরোধী দলগুলিতে একজোট হয়ে লড়াইয়ে বার্তা দেন কুণাল।