জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে পড়েছিল হাতির দল। বনকর্মীদের তাড়ায় দু’টি হাতি জঙ্গলে ফিরে গেলেও দলছুট হয়ে একটি হাতি ঢুকে পড়েছিল জলপাইগুড়ির (Jalpaiguri) বৈকুণ্ঠপুর জঙ্গল লাগোয়া নোধাবাড়ি গ্রামে। রাতের অন্ধকারে আশ্রয় নিয়েছিল একটি চাষের জমিতে। কিন্তু সেই জমিতেই ওত পেতে ছিল বিপদ। জমির চারপাশে কাঁটাতারের সঙ্গে অবৈধভাবে বিদ্যুতের তার লাগানো ছিল বলে অভিযোগ। সেই তারের সংস্পর্শে এসেই মৃত্যু হল একটি পূর্ণবয়স্ক পুরুষ হাতির (Elephant Death)।

আরও পড়ুন: রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, ‘সেবা সেতু’ শিবিরে অন্নপূর্ণা নিয়ে বিক্ষোভ

শুক্রবার সকালে চাষের কাজে বেরিয়ে স্থানীয় বাসিন্দারা জমিতে হাতিটিকে (Elephant) পড়ে থাকতে দেখেন। খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে পৌঁছন বনদফতরের (Forest Department) আধিকারিক ও কর্মীরা। জলপাইগুড়ি থানার পুলিশও সেখানে যায়। হাতিটির দেহের পাশ দিয়ে বিদ্যুতের তার দেখতে পান তদন্তকারীরা। প্রাথমিক তদন্তে বনদফতরের আধিকারিকদের অনুমান, রাতে ওই বিদ্যুৎবাহী তারের সংস্পর্শে এসেই তড়িদাহত হয়ে হাতিটির মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: শান্তিনিকেতনে জুড়ল নয়া পালক! ধ্রুপদী বাংলা ভাষার উৎকর্ষ কেন্দ্র বিশ্বভারতী

বনদফতর সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে তিনটি হাতির একটি দল বৈকুণ্ঠপুর জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ের দিকে চলে এসেছিল। হাতিগুলিকে ফের জঙ্গলে পাঠানোর চেষ্টা করেন বনকর্মীরা। সেই সময় দু’টি হাতিকে জঙ্গলে ফেরানো সম্ভব হলেও একটি হাতি দলছুট হয়ে নোধাবাড়ি গ্রামের দিকে চলে যায়। পরে সেটিই চাষের জমিতে ঢুকে পড়ে। রাতের অন্ধকারে জমিতে থাকা বিদ্যুতের তারের সংস্পর্শে এসে তার মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। ঘটনার পর থেকেই জমির মালিকের কোনও সন্ধান পাওয়া যাচ্ছে না। তিনি পলাতক বলে স্থানীয় সূত্রে খবর। জমিতে কাঁটাতারের পাশাপাশি কীভাবে বিদ্যুতের তার পৌঁছল, সেটি খতিয়ে দেখছে পুলিশ ও বনদফতর। ওই তার কীভাবে সংযোগ করা হয়েছিল এবং বিদ্যুৎ সরবরাহের উৎস কী ছিল, তা-ও তদন্ত করে দেখা হচ্ছে।

এই ঘটনা প্রথম নয়। কয়েক দিন আগেই পশ্চিম মেদিনীপুরে একই ধরনের ঘটনায় মা হাতি এবং তার দুই শাবকের মৃত্যু হয়েছিল। চাষের জমিতে সাবমার্সিবল পাম্প চালানোর জন্য রাস্তার পাশের বিদ্যুতের খুঁটি থেকে হুকিং করে সংযোগ নেওয়া হয়েছিল। সেখানে হুকিংয়ের তারেই মৃত্যু হয়েছিল মা এবং শাবকদের। এই ঘটনায় জমির মালিককে গ্রেফতারও করা হয়েছে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার জলপাইগুড়িতে ফের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতির মৃত্যুর ঘটনায় উদ্বেগ বেড়েছে।