দোকানদারদের উচ্ছেদ করতে বেসরকারি ব্যক্তিদের জেসিবি বুলডোজার (JCB) ব্যবহার হয়েছে। সেই চিত্র বারবার সামনে এসেছে। আর তা নিয়েই এবার প্রশ্ন তুলল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। আদালতের পর্যবেক্ষণ, কেউ অবৈধ ভাবে জায়গা দখল করে থাকলেও তাঁকে সরানোর জন্য নির্দিষ্ট আইনি প্রক্রিয়া রয়েছে। কোনও ব্যক্তি নিজের হাতে আইন তুলে নিয়ে জোর করে উচ্ছেদ করতে পারেন না।
আরও পড়ুন: ব্যাগ খুলতেই ৪৪ লক্ষ! হাওড়া স্টেশনে আটক মধ্যপ্রদেশের বাসিন্দা
শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে উঠে আসে জেসিবি দিয়ে দোকান উচ্ছেদের প্রসঙ্গ। আদালত জানতে চায়, কী ভাবে বেসরকারি ব্যক্তিরা জেসিবি নিয়ে এসে এই ধরনের উচ্ছেদ চালাতে পারেন। একই সঙ্গে প্রশ্ন ওঠে, সেই সময় পুলিশ সেখানে উপস্থিত থেকেও কেন কার্যকর পদক্ষেপ করেনি। আদালতের বক্তব্য, দোকানদাররা বেআইনি ভাবে কোনও জায়গা দখল করে থাকলেও তাঁদের বিরুদ্ধে আইন মেনেই ব্যবস্থা নিতে হবে। প্রশাসনিক বা রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনকে কারণ দেখিয়ে কোনও বেসরকারি ব্যক্তি নিজের মতো করে উচ্ছেদ অভিযান চালাতে পারেন না। আদালত বিশেষ ভাবে উল্লেখ করে, বেসরকারি ব্যক্তিরা যখন দোকান উচ্ছেদের কাজ করছিলেন, তখন পুলিশের ভূমিকা কার্যত নীরব দর্শকের মতো ছিল।
শুনানিতে রাজ্যের হয়ে সওয়াল করেন অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল বিল্বদল ভট্টাচার্য। তিনি আদালতকে জানান, “যে দোকানদারদের উচ্ছেদ করা হয়েছিল, প্রশাসনের তরফে পরে তাঁদের ফের দোকানে বসার সুযোগ দেওয়া হয়েছে।” শুনানির সময় একই ধরনের আরও একটি ঘটনার প্রসঙ্গও তোলেন বিচারপতি। সেখানে অভিযোগ ছিল, এক জমির মালিক দোকানদারকে হয়রানি করার উদ্দেশ্যে দোকানের সামনে বড় গর্ত খুঁড়ে দিয়েছিলেন।
এই প্রসঙ্গে রাজ্যের আইনজীবী জানান, “প্রশাসন বিষয়টি জানতে পেরে ভুল সংশোধন করেছে।” শেষ পর্যন্ত বেঞ্চ স্পষ্ট করে দেয়, সংশ্লিষ্ট দোকানদারকে কোনও উপযুক্ত কর্তৃপক্ষের নির্দেশ ছাড়াই উচ্ছেদ করা হয়েছিল। ফলে বেআইনি দখলের অভিযোগ থাকলেও, আইন নিজের হাতে তুলে নিয়ে উচ্ছেদ চালানোর বিষয়টি কোনও ভাবেই গ্রহণযোগ্য নয়।















