দুর্গাপুজোর আগে রাজ্যের সব শ্রেণির রেশন গ্রাহকদের জন্য বিশেষ খাদ্য প্যাকেজের ঘোষণা করল রাজ্য সরকার। এবার প্রথমবার জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের পাশাপাশি রাজ্য প্রকল্পের আওতাধীন রেশন গ্রাহকরাও এই সুবিধা পাবেন। খাদ্য দফতর সূত্রে খবর, পরিবার পিছু এক কেজি করে চিনি ও ময়দা এবং ২৫০ গ্রাম সুজি এক দফায় দেওয়া হবে। ৫০ শতাংশ ভর্তুকিতে এই সামগ্রীগুলি পাওয়া যাবে। তবে বিক্রয়মূল্য সংক্রান্ত বিজ্ঞপ্তি এখনও জারি হয়নি।
খাদ্য দফতর ইতিমধ্যেই নির্দেশ দিয়েছে, আগামী ১৪ অক্টোবরের মধ্যে রাজ্যের সমস্ত রেশন দোকানে এই সামগ্রী পৌঁছে দিতে হবে। রাজ্যজুড়ে মোট ২ কোটি ২ লক্ষ ১৭ হাজার ৫২৬টি পরিবার এই বিশেষ পুজো প্যাকেজের সুবিধা পাবে বলে দফতর সূত্রে জানা গিয়েছে।
এতদিন পর্যন্ত পুজোর বিশেষ খাদ্য প্যাকেজ শুধুমাত্র জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতাভুক্ত রেশন গ্রাহকদের জন্য সীমাবদ্ধ ছিল। এবার সেই পরিধি বাড়িয়ে রাজ্য প্রকল্পের গ্রাহকদেরও অন্তর্ভুক্ত করায় উপকৃত হবেন আরও বহু পরিবার।
রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন রেশন ডিলারদের সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু। তাঁর বক্তব্য, “সব রেশন গ্রাহককে পুজোর বিশেষ প্যাকেজের আওতায় আনার সিদ্ধান্ত সাধারণ মানুষের জন্য অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ।“















