শিবাজি পার্কে সিজেপির (CJP) কর্মসূচিকে ঘিরে শুক্রবারের জমায়েতে এক বৃদ্ধের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত গোপালকৃষ্ণ সুব্বাইয়া পিল্লাই। কর্মসূচিতে উপস্থিত থাকাকালীন অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে হাসপাতালে চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়। শনিবার শিবাজি পার্ক থানার পুলিশ ঘটনার কথা জানিয়েছে।

আরও পড়ুন: পুজোর পর কলকাতার রাজপথে CJP! জ্ঞানেশের ইস্তফার দাবিতে সভার সম্ভাবনা

এদিকে কর্মসূচিকে ঘিরে আগে থেকেই এলাকায় কড়া পুলিশি ব্যবস্থা ছিল। অনুমতি না থাকলেও শিবাজি পার্কে বিক্ষোভ শুরু করেন সিজেপি সমর্থকরা। সকাল থেকেই এলাকায় লোকজনের আনাগোনা বাড়তে থাকে। পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তা জোরদার করা হয়। বিকেলে জমায়েত আরও বাড়ে বলে জানা গিয়েছে।

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar) পদত্যাগের দাবিকে সামনে রেখেই ওই দিন ‘জেল ভরো’ কর্মসূচির আয়োজন করেছিল সিজেপি। এর সঙ্গে আরও কয়েকটি দাবি ছিল তাদের। দলীয় নেতৃত্বের আহ্বানে বহু মানুষ কর্মসূচিতে যোগ দেন। আয়োজকদের দাবি, উপস্থিতির সংখ্যা ছিল কয়েক হাজার।

আরও পড়ুন: কাকলি-সুদীপরা অনুপস্থিত! NCPI -এর মিছিল হল কলকাতায়

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিকেল সাড়ে ৪টে নাগাদ শিবাজি পার্কে পৌঁছেছিলেন পিল্লাই। কিছুক্ষণ পর বুকে ব্যথা শুরু হলে তাঁকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। এই কাজে তাঁকে সাহায্য করেন কয়েকজন পরিচিত এবং ঘটনাস্থলে থাকা পুলিশকর্মীরা। চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। প্রাথমিক ভাবে হৃদরোগের কারণে মৃত্যু হয়ে থাকতে পারে বলে পুলিশ সূত্রে জানা গেলেও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।