উৎসবের মরশুমে ট্রেনে যাত্রীসংখ্যা বাড়তেই টিকিট পরীক্ষায় (Ticket Checking) আরও কড়া নজর দিচ্ছে রেল (Rail)। গোটা অক্টোবরজুড়ে চলবে বিশেষ টিকিট পরীক্ষা অভিযান। ফলে ট্রেনে ওঠার আগে টিকিটের পাশাপাশি পরিচয়পত্রের (ID card) বিষয়টিও মাথায় রাখা জরুরি। কেন্দ্রীয় রেলের (Indian Railways) উদ্যোগে ১ অক্টোবর থেকে শুরু হয়েছে এক মাসের বিশেষ অভিযান। চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। সাধারণ টিকিটের পাশাপাশি কনসেশন টিকিট, নির্দিষ্ট সংরক্ষণ কোটা, রেলওয়ে পাস এবং অসংরক্ষিত টিকিটও পরীক্ষার আওতায় থাকবে। বিভিন্ন স্টেশন এবং ট্রেনে আচমকাই এই পরীক্ষা চালানো হতে পারে।

বিশেষ করে একই টিকিটে একাধিক যাত্রী সফর করলে পরিচয়পত্রের নিয়মটি গুরুত্বপূর্ণ। পরিবার বা বন্ধুদের সঙ্গে একসঙ্গে যাত্রার ক্ষেত্রে একটি টিকিটে একাধিক যাত্রীর নাম থাকলে তাঁদের মধ্যে অন্তত একজনের কাছে আসল ছবি-সহ পরিচয়পত্র থাকা প্রয়োজন।

এখানেই রয়েছে গুরুত্বপূর্ণ সতর্কতা। ফোনে পরিচয়পত্রের ছবি দেখিয়ে নিয়ম মেটানো যাবে না। সঙ্গে রাখতে হবে পরিচয়পত্রের মূল কপি। রেলের নিয়ম অনুযায়ী, যাত্রীদের কাছে বৈধ টিকিট থাকলেও প্রয়োজনীয় আসল পরিচয়পত্র দেখাতে না পারলে তাঁদের বিনা টিকিটের যাত্রী হিসেবে গণ্য করা হতে পারে। সেক্ষেত্রে গুনতে হতে পারে জরিমানার টাকা।

তাই অক্টোবরজুড়ে ট্রেনে সফরের পরিকল্পনা থাকলে বেরোনোর সময় শুধু টিকিট পকেটে রাখলেই হবে না। বিশেষ করে এক টিকিটে একাধিক জন সফর করলে সঙ্গে আসল পরিচয়পত্র রয়েছে কি না, তা আগে থেকেই দেখে নেওয়াই নিরাপদ।