মুম্বইয়ের শিবাজী পার্কে জেল ভরো আন্দোলন শুরু হওয়ার আগেই ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে-কে (Abhijit Dipke) থানায় নিয়ে গেল মুম্বই পুলিশ! দেশের মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে গান্ধী জয়ন্তী থেকেই আন্দোলন শুরু করছে সিজেপি (CJP)। তার আগে বৃহস্পতিবার সন্ধ্যায় নিজেদের কর্মসূচির প্রচার করতে অভিজিৎ মেরিন ড্রাইভে দাঁড়িয়েছিলেন প্ল্যাকার্ড হাতে। সেই সময় আচমকা মুম্বাই পুলিশের তরফ থেকে চা খাওয়ানোর আমন্ত্রণ জানিয়ে থানায় নিয়ে যাওয়া হয় অভিজিতকে।
দেশজুড়ে CEC জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar) বিরুদ্ধে বাড়ছে বিক্ষোভ। আজ থেকেই প্রতিবাদ কর্মসূচি শুরু করতে চলেছে ককরোচ জনতা পার্টি। দিল্লির যন্তর মন্তরে অবস্থান বিক্ষোভ শুরু করার আগে দেশের বিভিন্ন রাজ্যে গিয়ে জ্ঞানেশের পদত্যাগ নিয়ে সরব হওয়ার কথা আগেই জানিয়েছিলেন অভিজিৎ-সৌরভ-আশুতোষরা। জেন জি-দের আন্দোলন শুরুর আগেই হঠাৎ করে সিজেপি প্রতিষ্ঠাতাকে থানায় নিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়তেই মুহূর্তের মধ্যেই চাঞ্চল্য ছড়ায়। তবে, চায়ের নিমন্ত্রণ করলেও থানায় তাঁকে এক কাপ চা-ও দেওয়া হয়নি বলে দাবি করেছেন অভিজিৎ। তাঁকে অবশ্য আটকও করা হয়নি।
মুম্বই পুলিশের তরফে বলা হয়েছে, বিশেষ দরকারে কথা বলার জন্য অভিজিৎকে থানায় নিয়ে যাওয়া হয়েছিল। সিজেপির দাবি বৃহত্তর কর্মসূচি শুরু করার আগে সময় নষ্ট করার জন্যই ইচ্ছাকৃতভাবে এই কর্মকাণ্ড ঘটানো হয়েছিল। আজ বিকেলে শিবাজি পার্ক থেকে আন্দোলন শুরু করতে চলেছে জেন জি-রা। দেশের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ, তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের, ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া বন্ধ করা এবং ২০২৫ সালের ভোটার তালিকা দিয়ে নির্বাচন করানোর দাবিতে পথে নামছে সিজেপি। পরবর্তীতে গোয়া, বেঙ্গালুরু, কলকাতাতেও কর্মসূচি হবে বলে ঘোষণা করেছেন অভিজিৎ।
আজ যন্তর মন্তরে বাম ছাত্র সংগঠন এবং দিল্লির জেন জি-দের তরফে একই ইস্যুতে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। সেই কারণে এদিন সকাল থেকে নয়া দিল্লি জুড়ে জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যন্তর মন্তরের আশেপাশে এগারোটি মেট্রো স্টেশন বন্ধ রাখার নির্দেশ রয়েছে। দিল্লির বিভিন্ন এলাকায় ধরপাকড় শুরু হওয়ার পাশাপাশি বাড়ানো হয়েছে পুলিশি প্রহরা।
















