যোগীরাজ্যে দুই পুরোহিতের মর্মান্তিক পরিণতি! উত্তরপ্রদেশের শাহজাহানপুরে (Shahjahanpur, Uttar Pradesh) দুই পুরোহিতকে জীবন্ত জ্বালিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার ভোরে মন্দির চত্বর থেকেই উদ্ধার হয় গোপাল দাস (৭০) এবং বিহারী দাস (৬০)-এর দেহ। ঘটনার তদন্তে নেমে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মন্দিরের সম্পত্তি দখলের উদ্দেশ্যেই এই হত্যাকাণ্ড বলে অভিযোগ করেছেন মন্দিরের পৃষ্ঠপোষক শিবকুমার সিং।
তাঁর লিখিত অভিযোগে সূথা গ্রামের সুমিত (Sumit) নামে এক ব্যক্তির বিরুদ্ধে সরাসরি অভিযোগ তোলা হয়েছে। অভিযোগ, বেশ কিছুদিন ধরেই ওই দুই পুরোহিতকে মন্দির ছেড়ে চলে যাওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছিল। স্থানীয়দের দাবি, সুমিত নিয়মিত মন্দিরে আসত এবং পুরোহিতদের সঙ্গে সময় কাটাত। সম্প্রতি অন্য একটি অপরাধের মামলায় জামিনে জেল থেকে বেরিয়েছিল সে। পুরোহিতদের হত্যার পর প্রমাণ নষ্ট করতেই তাঁদের দেহে আগুন ধরানো হয় বলে অভিযোগ উঠেছে।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। ফরেনসিক দলও (Forensic Team) সেখানে গিয়ে বিভিন্ন নমুনা সংগ্রহ করেছে। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার আসল কারণ জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। পুলিশ জানিয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ ও ঘটনার সঙ্গে কারও যোগসূত্র নিশ্চিত করা সম্ভব নয়। জানা গিয়েছে, প্রায় ২২ বছর আগে স্ত্রীর মৃত্যুর পর গোপাল দাস সংসার ছেড়ে মন্দিরে থাকতে শুরু করেছিলেন। প্রায় ১০ বছর আগে তাঁর শিষ্য হন বিহারী দাস। তারপর থেকে দু’জনেই ওই মন্দির প্রাঙ্গণে থাকছিলেন।
















