খাবারের প্লেটে সুস্বাদু, মুচমুচে গরম ধোসা। পাশে সাজানো চাটনি। ছুটির দিনে পরিবারের সঙ্গে রেস্তোরাঁয় গিয়ে এমন এক পদের কামড় দিতেই যে এমন এক সাংঘাতিক অভিজ্ঞতা হবে, তা হয়তো স্বপ্নেও ভাবেননি মুম্বইয়ের বাসিন্দা অমিত ত্রিবেদী। এমন সুস্বাদু খাবারের ভিতর মিলল মরা ইঁদুর। মুম্বইয়ের বোরিভলি পশ্চিমের এল.টি. রোডে অবস্থিত ‘রাধাকৃষ্ণ হোটেল’-এ ঘটে যাওয়া এই ঘটনাটি ঘিরে বর্তমানে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
আরও পড়ুন: শহরে ফিরলেন সোনার মেয়ে, মধ্যরাতেই রিচাকে বিমানবন্দরে সংবর্ধনা সিএবির
অমিত ত্রিবেদী তাঁর দুই ভাই এবং ছেলেকে নিয়ে ওই রেস্তোরাঁয় দক্ষিণ ভারতীয় খাবার খেতে গিয়েছিলেন। তাঁরা নিজেদের জন্য মাইসোর মশালা ধোসা অর্ডার করেন। খাবার টেবিলে আসার পর অমিতের ভাই ধোসাটি খেতে শুরু করেন। মাত্র কয়েক কামড় দেওয়ার পরেই ধোসার ভেতরে অদ্ভুত এবং শক্ত কিছু একটা মুখে ঠেকে। টেনে বের করতেই সবার চোখ চড়কগাছ! দেখা যায়, ধোসার মশলার সঙ্গে মিশে লেপ্টে রয়েছে প্রায় ৩ ইঞ্চির একটি মরা ইঁদুর! এই চরম বীভৎস দৃশ্য দেখার সঙ্গে সঙ্গেই তীব্র আতঙ্কে ও ঘেন্নায় বমি করতে শুরু করেন ওই যুবক। মানসিক ধাক্কা ও বিষাক্ত খাবারের জেরে কার্যত রেস্তোরাঁর মেঝেতেই অসুস্থ হয়ে লুটিয়ে পড়েন তিনি।
আরও পড়ুন: মমতা তৃণমূলের ৪ অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় হস্তক্ষেপে সুপ্রিম-না! বহাল হাই কোর্টের নির্দেশই
ঘটনার আকস্মিকতা কাটিয়ে অমিত ত্রিবেদী ও তাঁর পরিবার রেস্তোরাঁ কর্তৃপক্ষের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেন। এরপর একটুও বিলম্ব না করে তাঁরা সোজা বোরিভলি পুলিশ স্টেশনের দ্বারস্থ হয়ে অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনাটিকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করে এবং বিষয়টি দ্রুত মহারাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (FDA) বিভাগের কাছে হস্তান্তর করে।
অভিযোগ পাওয়া মাত্রই ময়দানে নামে রাজ্য খাদ্য সুরক্ষা দপ্তর। এফডিএ (FDA) প্রধান তুকারাম মুন্ডের নির্দেশে একটি বিশেষ দল ওই হোটেলে অতর্কিত হানা দেয়। প্রাথমিক তদন্তে রেস্তোরাঁর রান্নাঘরে একাধিক স্বাস্থ্যবিধি লঙ্ঘনের প্রমাণ মেলে। তৎক্ষণাৎ কড়া পদক্ষেপ গ্রহণ করে প্রশাসন। রাধাকৃষ্ণ হোটেলের খাদ্য ব্যবসার লাইসেন্স অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দিয়েছে প্রশাসন। এছাড়াও হোটেলের রান্নাঘরটি সম্পূর্ণ সিল (Seal) করে দেওয়া হয়েছে এবং খাবারের নমুনা সংগ্রহ করে ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
আরও পড়ুন: নিম্নচাপের জেরে সপ্তাহান্তে বাড়বে বৃষ্টি, পুজোয় দুর্যোগের আশঙ্কা!
বর্তমানে মহারাষ্ট্র জুড়ে উৎসবের মরশুমের কারণে রাজ্যব্যাপী বিশেষ খাদ্য সুরক্ষা অভিযান (Food Safety Crackdown) চালাচ্ছিল এফডিএ। তার মাঝেই এই নামী হোটেলের প্লেটে মরা ইঁদুর পাওয়ার ঘটনা সাধারণ মানুষের মনে গভীর উদ্বেগের জন্ম দিয়েছে। ইঁদুরের মতো সংক্রামক জীব খাবারে থাকা মানেই তা প্রাণঘাতী বিষক্রিয়া ঘটাতে পারে। ভুক্তভোগী পরিবার এবং সাধারণ নাগরিকদের দাবি— জনস্বাস্থ্যের কথা মাথায় রেখে এই ধরনের সমস্ত হোটেলের মালিক ও রাঁধুনিদের যেন দৃষ্টান্তমূলক কঠিন শাস্তি দেওয়া হয়।
















