পুজোয় কি এবার বৃষ্টির পূর্বাভাস, নাকি শরতের চেনা আকাশের ছবি ধরা দেবে দেবী বন্দনার পাঁচদিন? আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) বলছে, খুব ভারী বর্ষণ না হলেও বিক্ষিপ্ত বৃষ্টি আপাতত দক্ষিণবঙ্গের নিত্য সঙ্গী হয়ে থাকবে। অন্তত আগামী চার পাঁচ দিনে এই অবস্থার খুব একটা পরিবর্তন হবে না। অক্টোবর মাস পড়ে গেলেও পূজো আসতে এখনও হাতে দিন ১৫ সময় রয়েছে। তাই পঞ্চমী থেকে দশমী পর্যন্ত কেমন থাকবে আবহাওয়া তা এই মুহূর্তে নিশ্চিত করে বলা সম্ভব নয়। হাওয়া অফিস জানিয়েছে বঙ্গোপসাগরের নিম্নচাপের কারণে শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাতে বৃষ্টি বাড়বে। 

আরও পড়ুন: কত দর আজ সোনা রুপোর দেখে নিন এক নজরে

সাগরের নিম্নচাপ শক্তি হারিয়ে আপাতত দুর্বল নিম্নচাপে পরিণত হয়েছে। তাই বড় কোনও দুর্যোগের সম্ভাবনা না থাকলেও উইকেন্ডে বৃষ্টি চলবে জেলায় জেলায়। বৃহস্পতিবার হালকা বৃষ্টি সম্ভাবনা রয়েছে কলকাতা-সহ পার্শ্ববর্তী এলাকায়। হাওয়া অফিসের হিসেব মতো অক্টোবরের ১০ তারিখের মধ্যে বাংলা থেকে বর্ষা পুরোপুরি বিদায় নেয়। দেশজুড়েও সে রকমই পরিস্থিতি রয়েছে। আজ দুপুরের পর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে বৃষ্টির পরিমাণ সামান্য বাড়তে পারে।শুক্রবার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া ও মুর্শিদাবাদে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকায় অস্বস্তি বজায় থাকবে।

আরও পড়ুন: দেখে নিন কোন শহরে কত দাম পেট্রোল ডিজেলের

উত্তরের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বিক্ষিপ্ত ভাবে দু’এক জায়গায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত পার্বত্য পাঁচ জেলায় বৃষ্টির পূর্বাভাস আগামী সোমবার থেকে পাহাড়ে বৃষ্টির সম্ভাবনা কমবে বলে মনে করা হচ্ছে।