শরতের আকাশে ঝড় বৃষ্টির পূর্বাভাস! বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি (Rain) ও ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বিশ্বকর্মা পূজো থেকেই রাজ্যজুড়ে উৎসবের আমেজ শুরু হয়ে যায়। ইতিমধ্যেই বিভিন্ন প্রান্তে মণ্ডপ তৈরির কাজ চলছে দ্রুতগতিতে। সেই আবহে ঝড় বৃষ্টির দুর্যোগ মানে উদ্বেগের ভ্রুকুটি পুজো কর্তাদের। IMD জানিয়েছে, সৌরাষ্ট্র সংলগ্ন উত্তর-পূর্ব আরবসাগরের নিম্নচাপ এলাকা থেকে একটি মৌসুমি অক্ষরেখা দৌসা, জয়পুর, আগ্রা, লখনৌ, গয়া, সাগরদ্বীপ হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তরাংশ থেকে উত্তর ওড়িশা পর্যন্ত আরেকটি অক্ষরেখা রয়েছে। এই দুয়ের প্রভাবেই ভাদ্রের শেষ লগ্নেও বাংলায় বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। আজ মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং নদিয়ায় ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে। বিক্ষিপ্ত বৃষ্টি চলবে উত্তরেও। 

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বিশ্বকর্মা পুজোর দিন (১৮ সেপ্টেম্বর, শুক্রবার) পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, হুগলি, হাওড়া ও পুরুলিয়ায় বৃষ্টি বাড়বে। পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। উইকেন্ডেও পরিস্থিতির বদল হবে না। শনিবার কলকাতা, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ার একাধিক জায়গায় বৃষ্টি চলবে। রবিবার বৃষ্টি বাড়বে পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমানে। বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা মহানগরীতেও।