দুর্গাপুজোর (Durga Pujo) কেনাকাটায় জমজমাট বাজার। কাজের ফাঁকে সময় বার করে কেউ ছুটছেন পোশাকের দোকানে, কেউ পছন্দের জুতো বা সাজসজ্জার সামগ্রী কিনতে। কিন্তু কেনাকাটার সেই ব্যস্ততায় ব্যাঘাত দিতে পারে বৃষ্টি (Rain)। আবহাওয়া দফতরের পূর্বাভাস (Weather Update), সপ্তাহের মাঝামাঝি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কলকাতায় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম। থাকবে আদ্রতাজনিত অস্বস্তি। 

আরও পড়ুন: বাংলায় এখন শুভেন্দুর ছায়া ক্রমশ বিস্তারিত হচ্ছে বিজেপির উপর

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এই মুহূর্তে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের আবহাওয়ার উপর একাধিক অক্ষরেখার প্রভাব রয়েছে। উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত একটি অক্ষরেখা সক্রিয় রয়েছে। পাশাপাশি বিহার থেকে ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে মধ্য মহারাষ্ট্র পর্যন্ত বিস্তৃত আরও দু’টি অক্ষরেখার প্রভাবও রয়েছে। এর জেরেই রাজ্যের কয়েকটি অংশে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। অর্থাৎ বর্ষার বিদায়ের প্রক্রিয়া শুরু হলেও বাংলায় এখনই পুরোপুরি বৃষ্টির অবসান হচ্ছে না।

দক্ষিণবঙ্গে মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। ওই দু’দিন একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনায় ঝড়-বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কোথাও কোথাও দমকা হাওয়াও বইতে পারে।

উত্তরবঙ্গেও (North Bengal) আপাতত স্বস্তি নেই। শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবার ও বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, মালদহ এবং দুই দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা বেশি। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের কিছু এলাকায় দু’এক পশলা ভারী বৃষ্টিও হতে পারে। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ঝড়-বৃষ্টির হলুদ সতর্কতাও জারি করা হয়েছে।

তবে সপ্তাহান্তে বদলাতে শুরু করবে পরিস্থিতি। শুক্রবারের পর থেকেই বৃষ্টির প্রবণতা কমবে। শনিবার অর্থাৎ মহালয়ার দিন থেকে রাজ্যের আবহাওয়া অনেকটাই শুষ্ক থাকবে। আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বুধবার কলকাতার আকাশ পরিস্কার থাকবে। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। কিন্তু বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। মঙ্গলবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২.৮ ডিগ্রিতে।