হাওয়া অফিসের পূর্বাভাস সত্যি করে মঙ্গলবার সকাল থেকে বৃষ্টি ভিজতে শুরু করেছে দক্ষিণবঙ্গ। সাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ।আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। তারই প্রভাবে আজ দিনভর বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)।উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর- এই জেলাগুলিতে বৃষ্টি সবথেকে বেশি হতে পারে। উপকূলের জেলায় ঝোড়ো হাওয়ার দাপট থাকবে।মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

বঙ্গোপসাগরের সৃষ্ট পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী ২৩ সেপ্টেম্বর অর্থাৎ বুধবার নাগাদ দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে পৌঁছবে বলে মনে করা হচ্ছে। তবে স্বস্তির খবর এটাই যে, এখনই কোনও ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দেয়নি IMD। তবে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত বৃষ্টি দুর্যোগ চলবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। পাশাপাশি উত্তরের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। একটানা বৃষ্টিতে পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কা রয়েছে। 

এক নজরে দেখে নেওয়া যাক নিম্নচাপের প্রভাবে কবে কোথায় বৃষ্টি হতে পারে-

বুধবার:-দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

বৃহস্পতিবার:-বীরভূম এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। সঙ্গে ঝোড়ো হওয়ার সর্বোচ্চ গতিবেগ হতে পারে ৫০ কিলোমিটার। বৃষ্টি বাড়বে মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায়। 

শুক্রবার:- কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি চলবে।