পিতৃপক্ষ প্রায় শেষ হতে চলল, আগামী ১০ অক্টোবর মহালয়াতে কি পাকাপাকিভাবে বর্ষা বিদায় নেবে? বৃহস্পতিবার সকাল পর্যন্ত এ প্রশ্নের নিশ্চিত উত্তর দিতে পারছে না হাওয়া অফিস (Weather Department)। এদিন সকাল থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় মেঘলা আকাশ। বেলা বাড়তেই কোথাও হালকা কোথাও মাঝারি বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার পর্যন্ত আবহাওয়ার খামখেয়ালিপনা চলবে বলে মনে করছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। শনিবার মানে মহালয়ার দিন থেকে শরতের চেনা আকাশের দেখা পাওয়ার সম্ভাবনা রয়েছে।
নিম্নচাপ আর ঘূর্ণাবর্ত চলতি মরশুমে বর্ষার বিদায় পিছিয়ে দিয়েছে। এখনও পর্যন্ত মৌসুমী বায়ুর আধিক্য থাকায় বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়ে চলেছে।আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আজ হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা-সহ কয়েকটি জেলায় তুলনামূলক বেশি বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।এর মধ্যে হাওড়া, হুগলি এবং দুই ২৪ পরগনায় থাকছে কমলা সতর্কতা।
আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের একাধিক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি ও দক্ষিণ দিনাজপুরে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে শনিবারের পর আবার বদল হবে ।সাধারণত অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে বাংলা থেকে বর্ষা বিদায়ের প্রক্রিয়া শুরু হয়। কিন্তু এবছর সেই ছবিটা কিছুটা হলেও বদলাতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। উইকেন্ডে বৃষ্টির পরিমাণ কমলেও পাকাপাকিভাবে বর্ষার মরশুম শেষ হয়ে যাচ্ছে এমন নিশ্চয়তা দেয়নি হাওয়া অফিস।















