অক্টোবর মাস পড়তেই রাজ্যজুড়ে পুজো উন্মাদনা শুরু হয়ে গিয়েছে। ভিড় বাড়ছে শপিং মল থেকে শুরু করে নিউমার্কেট-গড়িয়াহাট বাজারেও। তবে এসবের মাঝেও প্রকৃতির মেজাজ নিয়ে চিন্তার ভ্রুকুটি যেন কাটছে না। প্রি -পুজো থেকে শুরু করে ষষ্ঠী থেকে দশমী, বৃষ্টি (Rain) সব ভেস্তে দেবে না তো? এবার সুখবর শোনালো আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহেই বিদায় নিতে চলেছে বৃষ্টি। অর্থাৎ পুজোতে প্রাকৃতিক দুর্যোগ -দুর্ভোগের মুখে পড়তে হবে না বঙ্গবাসীকে।
মহালয়াতে শহর কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। এই মুহূর্তে বাংলায় বর্ষা বিদায়ের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। দ্বিতীয় সপ্তাহ থেকেই মৌসুমী বায়ুর বিদায় ঘণ্টা বাজতে শুরু করবে। হাওয়া অফিস (Weather Department) জানিয়েছে রবিবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুর ও সংলগ্ন জেলায়। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকায় গুমোট ভাব বজায় থাকবে। দক্ষিণবঙ্গের ৩-৪ জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। শহরের আকাশ আংশিক মেঘলা, সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে।
উত্তরবঙ্গে (North Bengal) এদিন বিক্ষিপ্ত বৃষ্টি হবে আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে। সোমবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। আগামী ২৪ ঘণ্টায় উপরের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে।















