সকালের আলো ফোটার কিছুক্ষণের মধ্যেই চারপাশে নেমে এলো আঁধার, প্রকৃতি বুঝিয়ে দিল ক্রমাগত শক্তি বাড়াচ্ছে বঙ্গোপসাগরের নিম্নচাপ। ছুটির দিনে দফায় দফায় বৃষ্টি চলবে বলে জানিয়ে দিল হাওয়া অফিস (Weather Department)। নিম্নচাপের কারণে সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের আগামী সোমবারের মধ্যে স্থলভাগে ফিরে আসার পরামর্শ দেওয়া হয়েছে। সক্রিয় হচ্ছে ঘূর্ণাবর্ত।
আরও পড়ুন: জয়ন্তী নদীর বুকে অস্থায়ী রাস্তা, নির্মাণকাজ ঘিরে প্রশ্ন
হাওয়া অফিসের বুলেটিন অনুযায়ী, উত্তর আন্দামান সাগরের উপর থাকা ঘূর্ণাবর্ত দ্রুত নিম্নচাপ অঞ্চল তৈরির দিকে এগোচ্ছে। আগামী সোমবারের (২১ সেপ্টেম্বর) মধ্যে পশ্চিম উত্তর-পশ্চিম হয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগরের পৌঁছে তা গভীর নিম্নচাপে পরিণত হবে। মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত বাড়বে দুর্যোগ। সুস্পষ্ট নিম্নচাপের সরাসরি প্রভাব পড়বে উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশের উপকূলের কাছে। অন্তত ৭০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা রয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, আগামী ২২ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দুর্যোগের হলুদ ও কমলা সর্তকতা জারি করা হয়েছে। কলকাতাতেও চলবে বৃষ্টি (Rain Forecast in Kolkata)। রবিবার হাওড়া হুগলি কলকাতা ২২৪ পরগনায় সকাল থেকে আকাশের মুখ ভার। বেশ কিছু জেলায় ঝেপে বৃষ্টি হয়েছে। সোমবারেও পরিস্থিতির বড়সড়ো উন্নতির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। মূল দুর্যোগ শুরু হবে মঙ্গলবার থেকে। আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার ঝোড়ো হাওয়া বইতে পারে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে। উত্তরে বৃষ্টির পরিমাণ কমেছে। তবে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে।
















