পুজোর আনন্দে মেতে উঠেছে বাংলা। আজ তৃতীয়া, শহর কলকাতা থেকে জেলার পুজো মণ্ডপগুলিতে ধীরে ধীরে বাড়ছে দর্শনার্থীদের ভিড়। রাত জেগে ঠাকুর দেখা, বন্ধুদের সঙ্গে প্যান্ডেল হপিং কিংবা পরিবারের সঙ্গে পুজো ঘোরার পরিকল্পনা সবই প্রায় চূড়ান্ত। কিন্তু সেই আনন্দের মধ্যেই আবহাওয়া নিয়ে কিছুটা চিন্তা থেকেই যাচ্ছে। পুজোর দিনগুলিতে কি বৃষ্টি বাধা হয়ে দাঁড়াবে? আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আপাতত ভারী বৃষ্টির আশঙ্কা নেই। তবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আগামী কয়েক দিনে হালকা, বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। অর্থাৎ পুজোর আনন্দে বড়সড় ছেদ পড়ার সম্ভাবনা না থাকলেও, আকাশের মর্জির উপর নজর রাখতেই হবে।
আরও পড়ুন: যুদ্ধের আবহেও ভারতের অর্থনীতিতে গতি! GDP বৃদ্ধির পূর্বাভাস IMF- র
আলিপুর আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, পশ্চিমবঙ্গের অধিকাংশ এলাকা থেকেই ইতিমধ্যে বিদায় নিয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। আগামী দু’-তিন দিনের মধ্যে রাজ্যের বাকি অংশ থেকেও বর্ষা সরে যেতে পারে। শুধু পশ্চিমবঙ্গ নয়, সিকিম, অসম, মেঘালয়, ঝাড়খণ্ড, ছত্তীসগঢ় এবং গোয়ার বাকি অংশ-সহ একাধিক অঞ্চল থেকেও মৌসুমি বায়ুর প্রত্যাবর্তন সম্পূর্ণ হয়েছে। বর্তমানে বর্ষার বিদায়রেখা অবস্থান করছে কলকাতার উপর দিয়ে। ফলে বর্ষা বিদায়ের মুখে থাকলেও পুজোর প্রথম কয়েক দিনে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
আরও পড়ুন: কোর্ট ফি বকেয়াসহ রাহুলের মামলায় ১৪টি ত্রুটি!
দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তৃতীয়ার দিন অবশ্য স্বস্তির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। তবে বুধবার চতুর্থী থেকেই বদলাতে পারে পরিস্থিতি। কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কয়েকটি জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার পঞ্চমী থেকে শনিবার সপ্তমী পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও জেলার সর্বত্র বৃষ্টি হবে না, ফলে অনেক জায়গাতেই প্যান্ডেল হপিংয়ের জন্য অনুকূল আবহাওয়া মিলতে পারে। তবে বাইরে বেরোনোর আগে আবহাওয়ার আপডেট দেখে নেওয়া এবং সঙ্গে ছাতা রাখা বুদ্ধিমানের কাজ হবে।
আরও পড়ুন: পুজোয় ভিড় সামলাতে নিরাপত্তায় এআই ক্যামেরা! শিয়ালদহে তৈরি বিশেষ ‘ওয়ার রুম’
উত্তরবঙ্গেও আপাতত ভারী বৃষ্টির কোনও আশঙ্কা নেই। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আটটি জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। তবে শুক্রবার ও শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পংয়ের কিছু এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। পাহাড়ে ঘুরতে যাওয়ার পরিকল্পনা থাকলেও বড়সড় দুর্যোগের আশঙ্কা আপাতত নেই। অন্যদিকে, রবিবার থেকে আবহাওয়ায় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। সব মিলিয়ে পুজোর দিনগুলিতে বৃষ্টি সামান্য অস্বস্তি বাড়াতে পারে ঠিকই, কিন্তু আপাতত ভারী বৃষ্টির পূর্বাভাস না থাকায় উৎসবের আনন্দে বড়সড় বাধার আশঙ্কা দেখছে না আবহাওয়া দফতর।















