ভোটার তালিকা সংশোধন ও বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া নিয়ে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার কলকাতা বিমানবন্দরে নেমে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি সাফ জানান, যতদিন না সঠিক যাচাইকরণ বা ভেরিফিকেশন হচ্ছে, ততদিন পুরোনো ভোটার তালিকার ভিত্তিতেই ভোট করানো উচিত।
এদিন বিমানবন্দর থেকে বেরোনোর সময় নির্বাচন কমিশনের সাম্প্রতিক নির্দেশিকা ও বিশেষ অভিযান নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হয়। কমিশন জানিয়েছিল, বৈধ ভোটারদের নাম যাতে বাদ না পড়ে সে জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। এর জবাবে তীব্র কটাক্ষ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "এতদিন পর মনে পড়ল?" ভোটার তালিকায় অসঙ্গতির অভিযোগ তুলে তিনি আরও বলেন, "আমরা মনে করি যতক্ষণ ভেরিফিকেশন না হচ্ছে, অর্থাৎ অবৈধ ভোটার দের যতক্ষণ না পর্যন্ত বৈধ ভোটার করা হচ্ছে, আমরা মনে করি পুরোনো লিস্টে ভোট করা উচিত।" ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কড়া অবস্থান জাতীয় রাজনীতিতে কমিশনের ওপর চাপ আরও বাড়াল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।















